অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপির নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার ও তার  লোকজনের হাতে দুই শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
জামালগঞ্জের ইতিহাস গ্রন্থের লেখক জামালগঞ্জ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ গোলাম মর্তুজা বলেন,‘ বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর হামলা হয়েছে বলে জানা ছিল। ১৯৬৪ সাল থেকে শিক্ষকতা পেশায় আছি কোন সময়ে শুনিনি শিক্ষিকাদের উপর হামলা হয়েছে। এটা বর্বরোচিত ঘটনা, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।’
সুনামগঞ্জ শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাস বলেন,‘ধর্মপাশার ঘটনায় শুধু দুই শিক্ষিকাই নয় পুরো শিক্ষক সমাজই আক্রান্ত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। শিক্ষিকারা কোন অন্যায় করে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া যেত। কিন্তু তাদের সাথে যে আচরণ করা হয়েছে তা সভ্য পর্যায়ে পরে না, চরম নোংরামী করা হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া প্রয়োজন।’
জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য বলেন,‘শিক্ষক-শিক্ষিকারা মানুষ গড়ার কারিগর। তাদের উপর এমন হামলার ঘটনা খুবই দুঃখজনক। শিক্ষিকাদের উপর এমন হামলা করার জন্য সভাপতি তৈরি করা হয়নি। আমরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চতকরণের দাবি জানাই। ’
জগন্নাথপুর পৌরএলাকার বাসুদেব বাড়ির বাসিন্দা প্রবীণ শিক্ষক শশাংক বিজয় চৌধুরী বলেন,‘ শিক্ষিকাদের এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হবে তা জীবনে কল্পনাও করিনি। এই ঘটনা পুরো শিক্ষক সমাজকে লাঞ্ছিত করার সামিল। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে শিক্ষকরা বার বার লাঞ্ছিত হবেন। ’
তাহিরপুরের কাউকন্দি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বলেন,‘ আমি ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। শিক্ষক সমাজের সব ধরনের আন্দোলনের সাথে আমি একমত পোষণ এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি। ’
সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আহবায়ক ধর্মপাশা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক নূর উদ্দিন আহমদ বলেন,‘দুই শিক্ষিকার উপর হামলা ও মারধরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দ্রুত তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। তাহলে ভবিষ্যতে কোন সভাপতি ও পরিচালনা কমিটির কেউ এভাবে শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা করার সাহস পাবে না ।’