অবারিত হলো সৌদির শ্রমবাজার

বাংলাদেশ থেকে গৃহকর্মী ছাড়া অন্য খাতে কর্মী নেয়ার ওপর ছয় বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে সৌদি আরব সরকার। ফলে কৃষি ও সম্প্রতি বুধবার দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত কার্যকর করে। বলাই বাহুল্য, সৌদি শ্রমবাজার উন্মুক্তকরণে বর্তমান সরকারের লাগাতার প্রচেষ্টার ফল এটি।
এর ফলে সৌদি আরবে বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ শ্রমিক এবং ডাক্তার, নার্স, শিক্ষক, খামার ও নির্মাণকর্মীসহ সব রকমের পেশাজীবী নিয়োগের পথ সুগম হলো। সৌদিতে প্রায় ৪৮টি খাতে কাজ করছেন আমাদের শ্রমিকরা। নিয়োগে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এসব খাতে ফের নিয়োগ পেতে শুরু করবেন বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে যারা কাজ নিয়ে সৌদি আরবে যেতে চান তাদের জন্য এটি দারুণ সুখবর।
বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। সৌদিতে শ্রম রপ্তানির এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে আমাদের এখন তৎপর হতে হবে। কোনো অবাঞ্ছিত কারণে যেন আবারো প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেটি সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের আমলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছতা আনার চেষ্টা চলছে। প্রতারণা বন্ধেও নেয়া হয়েছে কিছু উদ্যোগ। এসব খুবই ইতিবাচক তৎপরতা। আমরা চাই, সৌদিতে শ্রমশক্তি রপ্তানির প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হোক। সৌদি আরব ছাড়াও আরো নতুন নতুন প্রমবাজার অনুসন্ধানে সরকারের সংশ্লিষ্টরা সচেষ্ট থাকবেন এই প্রত্যাশা আমাদের।