স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর কোয়ারি করে উত্তোলন করা বালি-পাথর জব্দ করে উন্মূক্ত নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের নেতৃত্বে এ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। পরে জব্দ করা ৫০ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের পরিচালিত এ অভিযান সন্ধ্যা ৭টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়।
উন্মুক্ত নিলামে অংশ নিয়ে প্রতি ঘনফুট পাথর ৫২ টাকা এবং বালি প্রতি ঘনফুট ১৩ টাকা দরে কিনে নেন স্থানীয় বাসিন্দা আবু সাঈদ এবং জাকির হোসেন। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ পাথরের মূল্য আসে ২৯ লাখ ৯০ হাজার টাকা এবং বালি ৫ লাখ ৯৮ হাজার টাকার।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ প্রতিবেদককে জানান, যাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি-পাথর টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে। উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে।
টাস্কফোর্সের এ অভিযানে এসময় আরও ছিলেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাইদুল ইসলাম, র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জের ডিএডি মো. জাহিদুল ইসলাম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, লাউড়েরগড় বিওপি’র হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ।


