স্টাফ রিপোর্টার
সিলেট অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন বলেছেন, এপ্রিল মাসে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ২৭ জনকে গ্রেফতার, ৬ লাখ টাকা জরিমানা আদায় এবং ২১টি ভলগেট জব্দ করা হয়েছে।
সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে খবর আছে, কিছু অসাধু সাংবাদিক টাকার বিনিময়ে অবৈধ বালু-পাথর উত্তোলনকারীদের সহযোগিতা করেন প্রতিনিয়ত। তারা অবশ্য আমাদের নৌ-পুলিশের নাম করে এই কাজটি করেন। বদনাম হয় শুধু নৌ-পুলিশের। এতে আমরা আন্তরিকভাবে দু:খিত। আসলে নৌ-পুলিশ অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দিনেও রাতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু আমরা পৌঁছবার পূর্বেই অবৈধ বালু পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। হয়তো কোনো একটি চক্র আছে, আমাদের অভিযানের খবরটি আগে জানিয়ে দেয়।
বুধবার দুপুরে শহরের সাহেব বাড়ি নদীর তীরে এক প্রেস ব্রিফ্রিংয়ে এসব কথা বলেন সিলেট অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন। এসময় সদর উপজেলার টুকেরবাজার এলাকায় নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. রকিবুল ইসলাম সহ অন্যান্য নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।


