সু.খবর ডেস্ক
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে চার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় নৌপরিহন মন্ত্রণালয়, খনিজ সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘নদী থেকে অপরিকল্পতিভাবে বালু তোলার কারণে সেতু, বাড়িঘর ও ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়। এটা বন্ধ করতে হবে।’
তিনি বলেন, প্রয়োজনে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে কোন কোন জায়গা থেকে বালু উত্তোলন করা যায় তা বের করে সেখান থেকে বালু তুলতে হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি বাড়ানো সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন ছাড়াই একশ’ কোটি টাকার পণ্য কেনার ক্ষমতা পাচ্ছে সরকারি সব প্রতিষ্ঠান।
এছাড়া খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য মাসিক ভাতা বাড়ানো সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।


