স্টাফ রিপোর্টার
সৌন্দর্যের সাথে স্বীয়রূপে ফিরেছে আব্দুজ জহুর সেতু। উচ্ছেদ হয়েছে ব্রীজের এপ্রোচ সড়কের দু’পাশ দখল করে গড়ে ওঠা স্ট্যান্ড। সেতুর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার্থে স্ট্যান্ড নির্মাণ না করতে এবং সেতুর উপর যাত্রী উঠানো- নামানো না করতে টানা কয়েকদিন ধরে করা হচ্ছে সচেতনতামূলক মাইকিং। এতে স্বস্তি জানিয়েছেন চলাচলকারী জনসাধারণ। এর আগে কয়েকবছর ধরে সেতুর দু’পাশ দখল করে গড়ে তোলা হয়েছিলো অবৈধ স্ট্যান্ড। দু’পাশ দখল থাকায় সড়ক সংকোচিত হয়ে যায়। একারণে নিয়মিত যানজট লেগেই থাকতো। বাধাগ্রস্ত হতো স্বাভাবিক যান চলাচল। অবৈধ স্ট্যান্ড করে ভাড়া নিয়ে চলছিল নৈরাজ্য। যাত্রীদের জিম্মি করে আদায় করা হতো অতিরিক্ত ভাড়া। মারামারি-হানাহানির ঘটনাও ঘটতো।
গত ২৯ আগস্ট সোমবার ‘আব্দুজ জহুর সেতুতে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, জিম্মি যাত্রীরা, ঘটছে মারামারি-হানাহানি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় দৈনিক সুনামগঞ্জের খবরে। সংবাদ প্রকাশের দিনই গুরুত্ব সহকারে র্যাপিড একশনে যায় সুনামগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। উচ্ছেদ করা হয় অবৈধ স্ট্যান্ড। এরপর থেকে স্ট্যান্ড না করতে টানা মাইকিং করছে জেলা সিএনজি চালিত অটোরিকশা ও টেক্সী ক্যাব ড্রাইভার ইউনিয়ন।
পথযাত্রী আরিফুল বললেন, এই সেতু বাজারের মতো হয়ে গিয়েছিল। স্ট্যান্ডের কারণে সব সময় মানুষ ও গাড়ি থাকতো। এতে চলাচলে বাধা হতো। এখন সেতুটি তার আগের পরিবেশে ফিরে গেছে। যা দেখতেও খুব ভালো লাগে।
মোটরসাইকেল চালক জোবায়ের বললেন, এই সেতুতে আমার মতো অনেকেই অবসর সময় কাটাতে আসেন। আগে সেতুতে মোটরসাইকেল নিয়ে উঠার পথেও ঝামেলায় পড়তে হতো। আজ অন্য একটি সুন্দর পরিবেশ দেখছি। মাইকিং শুনে আরো বেশি ভালো লাগছে।
সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মুহিবুল ইসলাম বললেন, সেতুতে ইনশাল্লাহ আর স্ট্যান্ড গড়ে উঠবে না। আমরা সবসময় এটি মনিটরিংয়ের আওতায় রাখবো।
- তাহিরপুরে ক্যান্সার, লিভার সিরোসিস ও কিডনি রোগীদের চেক হস্থান্তর
- ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত


