স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা চত্ত্বর এর আশপাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি ও জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজোতি পাবলিক লাইব্রেরী মিলনাতয়নে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ-সিলেট সহাসড়ক যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা চত্ত্বরের আশপাশে সওজের অন্তত শত কোটি টাকার জমিতে অবৈধ স্থায়ী স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালত ও সওজ অধিদপ্তরের আদেশ মানছেন না সুনামগঞ্জ সওজ কর্তৃপক্ষ। প্রকৃত স্থাপনা উচ্ছেদে সওজ কর্তৃপক্ষ রহস্যজনক ভূমিকা পালন করছে। এতে গোবিন্দগঞ্জ পয়েন্টে এলাকায় যানজট লেগেই থাকছে। জনগণের দুর্ভোগ কমছে না।’
তবে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশী মো. জহিরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন,‘ আমাদের সার্ভেয়ারের সহযোগিতায় সওজের জায়গাতে যেসব স্থাপনা রয়েছে সেসব চিহ্নিত করে উচ্ছেদ করা হয়েছে। সওজের জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে সুনির্দিষ্টভাবে কেউ অবগত করলে আমরা অবশই উচ্ছেদ করব। উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। সওজের জমিতে অবৈধ স্থাপনা থাকলে অবশ্যই তা উচ্ছেদ করা হবে। ’


