ডা. মুরশেদ আলম
প্রতিবার একুশ আসে প্রতিবারই ফাগুন আসে
প্রকৃতি আপন মনে সেজে ওঠে
কৃষ্ণচূড়ার ফুলগুলো লালে লালে গাঢ় লাল হয়ে ওঠে
মাঠের সবুজ ঘাষগুলি আরও সবুজ হয়
কেবল আমতলার সেই ঘাষগুলি আর সবুজ হয় না
ভাই হারানোর ব্যথায় যেনো আকণ্ঠ নীল হয়ে রয়
ঠিক তেমনি, ছেলের শোকে মায়ের ধূসর চোখে
যেমন অশ্রু জড়িয়ে রয়
সবি হয়, শহীদ মিনার ধুয়ামোছা হয়
রঙবেরঙের আলপনা হয়, কালোব্যাজ পড়ে
ফুলের তোড়ায় তোড়ায় ওদের স্মরণে বেদিমূলে
শ্রদ্ধানিবেদন সবি হয়,
কেবল ওরাই আসে না ফিরে আর
মায়ের ভাষার তরে যারা দিয়েছে জীবন।
একুশ এলেই ওরা বড় চঞ্চল হয়ে ওঠে
সাদা মেঘের ভেলায় চড়ে নীল আকাশের
বুকে স্বপ্ন আঁকে।
স্বপ্ন পূরণ হয়নি আজো, অনাদরে-অবহেলায়
আদরের বর্ণমালাগুলো কেঁদে ফিরে তেপান্তরের
পঞ্চ নদীর বাঁকে বাঁকে।
একুশের চেতনায় স্বাধীনতা এলো, মুক্তি এলো
বিজাতিরা গেল, লাল-সবুজের পতাকা হলো
শুধু তথৈবচ আমার দুখিনী মায়ের ভাষা।
তাই তো, একুশ এলেও, ফাগুন এলেও
অভিমানী ওদের হয় না ফিরে আসা।


