অভিযানের নামে ‘বিএনপি দমনের’ শঙ্কা ফখরুলের

সু.খবর ডেস্ক
জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিএনপিকে দমনের কৌশল হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলমাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
ফখরুল বলেন, সাঁড়াশি অভিযানের কথা বলে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ইতিমধ্যে নয়জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
প্রসঙ্গত, গত ২ জুন ইউনিয়ন পরিষদের শেষ ধাপের নির্বাচনের দুইদিন আগে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের গুলিতে আজিজুর রহমান আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত দুইদিন আগে অস্ত্রোপচারের পর তার বাম পা কেটে ফেলা হয়। শেষ ধাপের নির্বাচনে আজিজ ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সাঁড়াশি অভিযান তাদের সেই কৌশল, যে কৌশলের মাধ্যমে তারা জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিলো। সাঁড়াশি অভিযানের অজুহাতে তারা আবারো বিরোধীদলের ওপর চড়াও হবে বলে আমরা আশঙ্কা করছি’।
আজিজুর রহমানের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত আজিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিলো। তবে আল্লাহর সহায় থাকায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় মানুষ। সেজন্য এভাবে গুলি করার পরও এলাকার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই ঘটনা থেকে আমরা সারাদেশের চিত্র পাই যে, দেশে আজ কোথাও কোনো আইনের শাসন নেই্। জীবনের নিরাপত্তা নেই। বিশেষ করে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে সহিংসতা হয়েছে, অতীতে আর কখনো তা ঘটেনি। এটা নজিরবিহীন।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। ঘোলা পানিতে মাছ শিকারের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার মানুষের অধিকারগুলোকে হরণ করেছে। এই অবস্থা থেকে উত্তরণে অতিদ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা সহ-সভাপতি মো. হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।