ডা: মুরশেদ আলম
একাত্তরের পঁচিশে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক ঢাকায় নৃশংসভাবে নিরীহ বাঙালি হত্যার পর থেকেই মানুষ বাড়ীঘর ছেড়ে যে যেখানে পেরেছে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছে। পাক হানাদার বাহিনীর নৃশংস বর্বর আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে, মা বোনের সম্ভ্রম বাঁচাতে সব কিছু ফেলে পড়নে যা ছিল তা নিয়েই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। সুনামগঞ্জেও এপ্রিলের ২ তারিখের বিমান হামলার পর থেকেই প্রাণ ভয়ে লোকজন সীমান্ত পাড়ি দিয়ে ভারতের বালাট, মইলাম, কাঠালবাড়ী পেচাকোনা ইত্যাদি স্থানে আশ্রয় নিয়েছিল। সে এক দু:সহ স্মৃতি। অবর্ণনীয় দুর্দশার কাহিনী যা কোন ভাষায় লিখে প্রকাশ করা বা বুঝানো সম্ভব নয়। এই দুর্দশার কথা, এই কষ্টের কথা, এই লাঞ্ছনার কথা কেবল তারাই অনুভব করতে পারবে যারা এই ভয়াল একাত্তরে এই পরিস্থিতির শিকার হয়েছিল। শুধু অসাম্প্রদায়িক রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর কারণে একটা দেশকে উপনিবেশ হিসাবে শাসন শোষণ করার ঘৃণ্য অভিপ্রায়ে সে দেশের জনগণকে নৃশংসভাবে হত্যা করা মা বোনদের নিষ্ঠুর ঘৃণ্য পন্থায় পাশবিক নির্যাতন সহ ধর্ষণ করে হত্যা
করা, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, উলঙ্গ করে ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাঙালি নিধনে পাক হানাদার বাহিনী যে ্এক বিজাতীয় বর্বরতম নিষ্ঠুরতায়, পাষন্ডতায় মেতে উঠেছিল তার পরিচয় পাওয়া যায়। রাজাকার, আলবদর, আলশামস ও তাদের দোসরদের সহযোগিতায় এই অথ্যাচার নির্যাতনের নৃশংসতা ও নিষ্ঠুরতা যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল।
দেশান্তরী অসহায় আশ্রিত মানুষ কেবল মুক্তির জন্য প্রহর গুনছিল কবে শেষ হবে এই যুদ্ধ। কবে শেষ হবে এই পরবাস? অন্তরাত্মা যেন দেহ থেকে বের হয়ে উড়ে চলে আসতে চাইছিল নিজের মাতৃভূমিতে, আপন ঘরে। কেবলই মুক্তির একটা খবর শোনার জন্য সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের জনতা ভারতে আশ্রিত পরবাসি শরণার্থীরা নির্ঘুম, নিদ্রাহীন, উদ্বেগ, উৎকন্ঠা নিয়ে মুক্তির প্রহর গুনছিল। বিজয়ের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় থেকে থেকে প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয় যেন ক্রমেই চঞ্চল হয়ে উঠেছিল। মিত্রবাহিনীর সহযোগীতায় মুক্তিযোদ্ধাদের আাক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। ৩ ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বালাট সাব সেক্টর কমান্ডার মেজর এম এ মুতালিব এর সাথে মিত্র বাহিনীর ঘন ঘন যোগাযোগ হচ্ছিল। এ সময় মিত্র বাহিনীর পক্ষ থেকে বালাট হতে ক্যাপ্টেন যাদব ও টেকেরঘাট থেকে ক্যাপ্টেন রঘুনাথ ভাটনগরকে মেজর এমএ মুতালিবের সাথে যুক্ত হয়ে সুনামগঞ্জ শহর মুক্ত করার নির্দেশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে ৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর বিভিন্ন কোম্পানীকে নি¤œলিখিত অবস্থা গ্রহণ ও দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়। এ কোম্পানীকে যোগীরগাঁও এলাকা। বি কোম্পানীকে হালুয়াঘাট এলাকা। সি কোম্পানীকে হাছননগর এলাকা (সিলেটের দিকে)। ডি কোম্পানীকে ভাদেরটেক ও লালপুর এলাকা। ই কোম্পানীকে মল্লিকপুর এলাকা (সিলেট-সুনামগঞ্জ বিচ্ছিন্নকরণ)। ডিইএফ কোম্পানীকে বেরীগাঁও ও কৃষ্ণতলা এলাকা (অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ)। এডিএম কোম্পানী থাকে রসদ পরিবহনের দায়িত্বে। এছাড়াও এক প্লাটুন মুক্তিযোদ্ধাকে আশাউড়া থেকে সরিয়ে এনে বনগাঁও সদর দপ্তরে রাখা হয়।
আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সন্ধ্যা ৭টায় ক্যাপ্টেন রঘুনাথ ভাটনগর চিনাকান্দি থেকে গৌরারং, ক্যাপ্টেন যাদব বনগাঁও হতে আমবাড়ী এবং মেজর এমএ মুত্তালিব সোজা যোগীরগাঁও রওয়ানা হয়ে যান। প্রত্যেকের সাথে একজন করে ভারতীয় ওয়্যারলেস অপারেটর এবং এক হাজারের অধিক মুক্তিযোদ্ধা। অভিযানের সংকেত ছিল খরগোস। ক্যাপ্টেন যাদব রাত ১১ টার দিকে মেজর মুত্তালিবকে জানান, তিনি সুরমা নদী পাড়ি দিয়ে ফেলেছেন। আগে থেকেই আমবাড়ী অবস্থানের মুক্তিযোদ্ধারা নৌকা প্রস্তুত রেখেছিল বলে তেমন বেগ পেতে হয়নি। কিন্তু ক্যাপ্টেন ভাটনগরের কোন খবর নেই। এতে বেশ উৎকন্ঠিত হয়ে পড়েন মেজর মুত্তালিব। অবশ্য পূর্ব সিদ্ধান্ত ছিল যে, নদী পার না হয়ে কোন সংকেত পাঠাবেন না। তবু দেরী দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন।
রাত আনুমানিক ৩টায় মেজর মুত্তালিব যোগীরগাঁও পৌঁছেন। প্রায় একঘন্টা পর ওয়্যারলেসে ক্যাপ্টেন ভাটনগরের ভরাট কন্ঠে ভেসে আসে ’খরগোস’। সকাল ৬টার দিকে এমএ মুত্তালিব সহযোদ্ধাদের নিয়ে নৌকায় সুরমা নদী পাড়ি দিয়ে দক্ষিণ পাড়ে পৌঁছে যান। এর আগেই ক্যাপ্টেন যাদব সুনামগঞ্জ মহাবিদ্যালয়ের কাছে এবং ক্যাপ্টেন রঘুনাথ ভাটনগর বিদ্যুত সরবরাহ কেন্দ্রের নিকটে পৌঁছে যান। বালাটস্থ রিজার্ভ ও গেরিলা গ্রুপগুলোর মধ্য থেকে বাছাইকৃত একটি কোম্পানী আগে থেকেই বিশ্বম্ভরপুরে অবস্থান করছিল। সেই মুক্তিযোদ্ধা দলটি যৌথবাহিনীর নির্দেশে বিশ্বম্ভরপুর হতে গৌরারং হয়ে দু’ভাগে ভাগ হয়ে একটি দল জয়কলস হাইস্কুলে এবং একটি দল সুরমা নদী পার হয়ে আগেই বিসি স্কুলে অবস্থান নিয়েছিল। কিন্তু কোথাও শত্রুর দেখা নেই। সমস্ত শহর জনমানব শূন্য। যেন একটা প্রেতপুরী। এর আগে রাতে সম্ভবত মুক্তারপাড়াস্থ কোন আবাসিক হোটেলে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে দু’জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এক এক করে মুক্তিযোদ্ধা দল সুনামগঞ্জ শহরে ঢুকতে শুরু করে। প্রথমে বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হয় কোথাও শত্রু লুকিয়ে আছে কিনা। কিন্তু নেই। এর আগেই মধ্যরাতের দিকে পাক হায়েনারা সিলেট অভিমুখে পালিয়ে গেছে। পর মুহূর্তেই এমএ মুত্তালিব মালদার মিয়াসহ কজন মুক্তিযোদ্ধা নিয়ে পিটিআই ভবনে চলে যান। পিটিআই ভবন যার প্রতিটি ইটপাথরে পশ্চিমা নরঘাতকদের পৈশাচিকতার চিহ্ন তখনও লেগে আছে। সকাল ৯টার দিকে দক্ষিণ পূর্বকোণে একটি গর্তে অসংখ্য নারী পুরুষ শিশুর ক্ষত বিক্ষত লাশ। একদম চেনার উপায় নেই। পরে ভবনের একটি কক্ষে কিছু কাগজপত্র পাওয়া যায়। সেগুলো কয়েকজন সহযোদ্ধা যোগীরগাঁও নিয়ে যান। ওয়্যারলেসে যোগাযোগ করে ক্যাপ্টেন যাদব, ক্যাপ্টেন ভাটনগর ও এমএ মুত্তালিব সুনামগঞ্জ থানার সামনে দুপুর ১২টার দিকে একত্রিত হন।
সময় গড়িয়ে যাবার সাথে সাথে আশেপাশের এলাকা থেকে লোকজন সুনামগঞ্জ শহরে ছুটে আসতে থাকে। মুক্তির আনন্দে সবাই আত্মহারা। চারিদিকে শুধু জয় বাংলা, জয় বাংলা বিজয়ধ্বনিই আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে। সর্বত্র নতুন জীবনের স্পন্দন। কেউ কেউ এসময় সবুজের বুকে লাল সূর্যটার মধ্যে সোনালী মানচিত্র খচিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
চারিদিকে প্রশান্তির সুবাতাস বইতে শুরু করে। এমএ মুত্তালিব, ক্যাপ্টেন যাদব, ক্যাপ্টেন ভাটনগর দিনের বেলা যোগীরগাঁও থেকে নদী পাড়ি দিয়ে এসে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা তা দেখে যান। মেজর এমএ মুত্তালিব বেসামরিক প্রশাসন চালু না হওয়া পর্যন্ত কিছুদিন তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যাপ্টেন যাদব ও ক্যাপ্টেন ভাটনগর ২০ ডিসেম্বর দেশে ফিরে যান। এভাবেই ৬ ডিসেম্বর সুনামগঞ্জ শহর পাক হানাদার মুক্ত হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মুক্তিযুদ্ধের মহান বিজয়। বিজয়ের এই মাসে লক্ষ শহীদের প্রতি রইলো আমার হৃদয় নিংড়ানো সশ্রদ্ধ অভিবাদন। বীর মুক্তিযোদ্ধাদেরকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। জয় বাংলা।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট সম্পাদিত ‘ মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ’ গ্রন্থ ও বজলুল মজিদ চৌধুরী খসরু রচিত ‘রক্তাক্ত ৭১’ সুনামগঞ্জ গ্রন্থ।


