স্টাফ রিপোর্টার
করোনামুক্ত হয়ে এবং নিজের স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর আজ শনিবার প্রথম নিজের নির্বাচনী এলাকাসহ জেলা শহরে নানা কর্মসূচিতে অংশ নিতে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
মন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পথে পথে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা সদরের হাউজিং এস্টেটে বৃহৎ আয়োজনে ‘সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে’ সুধী সমাবেশের আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ।
এই আয়োজনের ব্যাপক প্রচার হচ্ছে গত চারদিন ধরে। উন্নয়ন ভাবনার এই সমাবেশে সুনামগঞ্জবাসী
আশা করছেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা অর্থাৎ হাওরবাসী স্বপ্নের উড়াল সড়ক, হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু, চেকনিখাড়া-আমাবাড়ী বাইপাস সড়ক, ডলুরায় ইমিগ্রেসনসহ শুল্ক বন্দর চালু, সুরমা নদীর ভাঙন ও পাহাড়ী ঢল থেকে সুনামগঞ্জ শহর সংরক্ষণের বিশেষ প্রকল্প, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উন্নয়ন নিয়ে কথা বলতে পারেন।
মন্ত্রীর উপস্থিতিতে উন্নয়ন ভাবনার এই সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিত রাখতে গেল এক সপ্তাহ ধরে চেষ্টা করছেন উদ্যোক্তারা।
সচেতন নাগরিক কমিটি (সনাক)’এর জেলা সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু বললেন, হাওরের মানুষের উন্নয়নের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক, পরিকল্পনা মন্ত্রী বিশেষ উদ্যোগী। সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সুযোগকে কাজে লাগাতে হবে।
শিক্ষাবিদ পরিমল কান্তি দে বললেন, হাওরবাসীর উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রীকে উৎসাহিত করা জরুরি। উৎসাহে যাতে কারোরই ভাটা না পড়ে, সেই বিষয়টি সকলকেই খেয়াল রাখতে হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত সুধী সমাবেশে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, পরিকল্পনা মন্ত্রীকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মনবেগ থেকে অভ্যর্থনা জানিয়ে নিতে ব্যাপক আয়োজন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী হাসনাত হোসাইন জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নানা প্রস্তুতি নিয়েছে।


