স্টাফ রিপোর্টার
যাত্রী বোঝাই চলন্ত গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল বুলডেজারের উপর। অল্পের জন্য রাস্তার পাশে হাওরের পানিতে পড়া ও উল্টে যাওয়ার বিপদ থেকে রক্ষা পেলো ৪০ বাস যাত্রী। বৃহস্পতিবার ভোরে এনা পরিবহনের ঢাকা থেকে সুনামগঞ্জগামী একটি বাস সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর দক্ষিণ পাশে এই দুর্ঘটনায় পড়ে।
বড় দুর্ঘটনা না হলেও বাসের সকল যাত্রীই কমবেশী আহত হয়েছেন বলে জানা
গেছে। ঘটনার সময় বাসের চালক বাস ফেলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন বাসযাত্রীরা।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহনের বাসটি সুনামগঞ্জ আসার পথে চালক বেশ কয়েকটি স্থানে শক্ত ব্রেক কষেন। তাদের ধারণা চালক হয়ত রাতের ঘুমের ঘোরে ছিলেন। ভোরে স্থানে স্থানে বাসটি রাস্তার এপাশ ওপাশ দিয়ে চলতে শুরু করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বুলডেজারের সাথে জোরে ধাক্কা খেলে আটকে পরে। এতে বাসের ভেতরে থাকা সকল যাত্রীই কমবেশী আহত হন। এসময় বাসটিকে চলন্ত অবস্থায় রেখেই চালক বাস থেকে পালিয়ে যায়। পরে হেল্পার বাসের ইঞ্জিন বন্ধ করেন। বুলডেজারের সাথে ধাক্কা লাগায় বাসের অংশবিশেষ দুমড়ে মুছড়ে যায়। যাত্রীরা দরজা ভেঙ্গে বের হন। তিনি সদর থানার ওসিকে বিষয়টি মোবাইল ফোন জানিয়েছেন।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিদর্শনকারী পুলিশ অফিসার জানিয়েছেন বাসের সামনের একটি চাকা পাংচার হয়ে রাস্তার পাশের একটি বুলডেজারের উপর উঠে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’


