আইপিইউ সম্মেলন নিয়ে প্রশ্ন বিএনপির দেউলিয়াত্ব: হাছান

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্যে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন বাংলাদেশে নির্বাচিত সংসদ নেই, তাহলে কেন এখানে এ সম্মেলন হচ্ছে? তাদের জানা উচিত, এ সম্মেলন বাংলাদেশ সরকার কিংবা জাতীয় সংসদের সিদ্ধান্তে হচ্ছে না। এটি আইপিইউয়ের কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে। আর বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে গৃহীত না হলে ঢাকায় এই সম্মেলন হতো না।
হাছান মাহমুদ বলেন, লজ্জার বিষয়, এই সম্মেলন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে, আপত্তি জানিয়েছে। তারা যে গণতন্ত্রকে হত্যা করতে চায়, গণতন্ত্রের অন্তরায়- এটি তার সর্বশেষ বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বিএনপি যে গণতন্ত্র চায় না- সেটাও নতুনভাবে প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, বিএনপির এই বক্তব্য কেবল দশবিরোধী নয়, গণতন্ত্রবিরোধী। আইপিইউয়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতিও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, বিদেশের কাছে বাংলাদেশের সম্মানহানি করেছেন।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।