আইপিএলকেন্দ্রীক জুয়া খেলা কঠোর হাতে দমন করুন

আইপিএলকেন্দ্রীক জুয়া খেলার ভয়াবহতার উপর বৃহস্পতিবার দৈনিক সুনামগঞ্জের খবরে যে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি রীতিমত আতংকজনক। এই জুয়া আমাদের তরুণ-যুব সমাজকে কীভাবে নিরবে ধ্বংস করছে একই সাথে দেশের টাকা কেমন করে বিদেশ পাচার হয়ে যাচ্ছে তার একটি অসম্পূর্ণ চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে। মানব সভ্যতার সবচাইতে প্রাচীন নেতিবাচক বৃত্তি এই জুয়া খেলা হালআমলে আমাদের দেশে বিভিন্ন মেলায় কিংবা ক্লাবে পরিচালিত হওয়ার কথা জানতাম। কিন্তু আন্তর্জাতিক জুয়ারিচক্রের ভিতরে দেশের যুব-তরুণরা কেমন করে আসক্ত হয়ে উঠেছে সে বিষয়টি প্রায় অজানাই ছিল। সংবাদপত্রে মাঝে মধ্যে বিভিন্ন নামকরা খেলোয়াড়দের জুয়ারীচক্রের সাথে সম্পর্ক থাকায় শাস্তি হওয়ার খবরাখবর শুনেছি কিন্তু এই চক্র যে আমার পাশের বাড়ির ছেলেটিকে পর্যন্ত ফাঁদে আটকে ফেলেছে সেটি কিন্তু অনেকটা অজানাই ছিল। আইপিএল খেলা নিয়ে ছেলে বুড়ো সকলের থাকে সমান আগ্রহ। বুড়োরা দেখে বিনোদিত হওয়ার জন্য কিন্তু ছেলেরা টিভি পর্দায় নিজের চোখ আটকে রাখছে জুয়ায় ধরা বাজির টাকার হিসাব মিলানোর জন্য। কিন্তু সকল জুয়া খেলাতেই যেমন জুয়ারির সর্বনাশ ঘটে এখানেও এর ব্যতিক্রম হবে কেন। একজন হয়তো বাজি জিতে যায় কিন্তু হেরে যায় এর চাইতে অন্তত ১০০ গুন বেশি। অর্থাৎ বাজিতে একজন জিতলেও এক শ’ জন হেরে যাচ্ছে। এই ১০০ জনের টাকা স্থানীয় এজেন্টদের কমিশন বাদে পুরোটাই পাচার হয়ে যাচ্ছে বিদেশে। জুয়ায় আসক্ত ব্যক্তিরা টাকার জন্য নানা অপকর্মে জড়িত হয়ে পড়ছে। ঘর থেকে হাত পাকানো শুরু করে এরা পরে দস্তুর মতো অপরাধী বনে যায়। এই যে সর্বানাশা জুয়া আমাদের প্রজন্মকে  অন্ধকারের অতলে তলিয়ে নিচ্ছে সে ব্যাপারে আমরা কি সচেতন?  মনে হয় না। কারণ বাংলাদেশের গ্রাম শহরের সর্বত্র মহামারির মতো এই জুয়া ছড়িয়ে গেলেও এর প্রতিকারে রাষ্ট্রের উদ্যোগ খুবই সীমিত বলে মনে হচ্ছে।  আইপিএল কিংবা যেকোন খেলাকেন্দ্রীক জুয়া খেলায় একাধিক আন্তর্জাতিক গ্যাঙ জড়িত থাকে। সুতরাং এই সমস্যার সমাধানও বহুজাতিক। আজ যে বিদেশি জুয়ারী বাজির দর ঠিক করে অনলাইনে ঘোষনা দিচ্ছে তাদেরকে দমন করতে না পারলে তৃণমূলে পতঙ্গের মতো ঝাঁপ দেওয়া শিকারদের রক্ষা করা সম্ভব নয়। রাষ্ট্রকে আজ উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক ফোরামে বিষয়গুলো তুলে ধরতে হবে।
খেলা সর্বদাই বিনোদনের মাধ্যম হিসাবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু আগ্রাসী অর্থনীতি এই নির্মল খেলাকে আজ অবৈধ অর্থ উপার্জনের খাতে পরিণত করেছে। পূঁজিবাদের নিকৃষ্টতম চেহারা এটি। এই নিকৃষ্ট চেহারার যতœআত্তি করছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাগুলো। ক্রিকেট এখন হীরার খনির চাইতেও মূল্যবান বিবেচিত হয়। এই মূল্যবান হওয়ার পিছনে মূল কারণ যে জুয়া সেটিকে উপেক্ষা করে থাকা মানেই পূঁজিবাদের রাক্ষুসে চরিত্রকে হৃষ্টপুষ্ট করে তোলার সামিল।  আমরা কিছুতেই জাতিকে জুয়াসক্ত করে তোলতে চাই না। একটি প্রজন্মকে চারপাশের বাস্তবতা ভুলে জুয়ার নেশায় মজিয়ে ফেলতে চাই না।  সুতরাং সকলকে দায়িত্ব নিতে হবে এই জুয়ার বিরুদ্ধে। যেখানেই এমন জুয়া-সংশ্লিষ্টতার প্রমাণ মিলেবে সেখানেই গড়ে তোলতে হবে প্রতিরোধ। স্থানীয় এজেন্ট যারা জুয়া খেলার অর্থনৈতিক লেনদেনের মাধ্যম হিসাবে কাজ করছে এদেরকে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তোলে দিতে হবে। প্রশাসনকে বিশেষভাবে নজরদারি বাড়াতে হবে। নতুবা সামনে সমাজে পৌনপুনিকভাবে অপরাধ বাড়বে অনৈতিকতা বাড়বে দুর্বৃত্তপনা বাড়বে। যা নিয়ন্ত্রণ করা হবে অসম্ভব বিষয়।