আইপিএলকে কেন্দ্র করে সর্বনাশা জুয়া জড়িয়ে পড়ছে শহরের অসংখ্য তরুণ

স্টাফ রিপোর্টার
খেলা হচ্ছে ভারতের বিভিন্ন বড় শহরে। আইপিএল’র টি ২০ ক্রিকেট। খেলছে নামকরা দুই টিম। দুই টিমেই থাকছে তারকা তকমাধারী খেলোয়াড়ের বহর। টিভি পর্দায় বিশ্বব্যাপী ক্রিকেটভক্তরা খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন উত্তেজনা নিয়ে। কারও প্রিয় দল জিতলে আনন্দে উল্লসিত আর হারলে বিষন্ন হন। এ হচ্ছে মুদ্রার একটি পিঠ। যেকোন খেলাকে কেন্দ্র করে এমন অবস্থা প্রত্যাশিত-ই। বরং দর্শক উন্মাদনা আর খেলার চাকচিক্য না থাকলে কোন খেলাই শেষ পর্যন্ত জমে উঠে না। মানব সভ্যতা শুরুর একেবারে গোড়ার সময় থেকেই নির্মল বিনোদন পেতে মানুষ খেলাকে করেছে নিত্যসঙ্গী। কিন্তু খেলার নামে এমন আয়োজনের উল্টো পিঠে কতোটা কুৎসিৎ দগদগে ঘার মতো পঁচা জিনিস থাকতে পারে তা হয়তো সকলের অজানা। খেলা নিয়ে সর্বনাশা জুয়ায় মেতেছে তরুণরা। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকার চায়ের দোকানেও এখন এই জুয়ার আড্ডা চলছে। আইপিএল-এর জুয়া ঠেকাতে পারছে না কেউ। গত এক মাসে আইপিএল’র জুয়ায় আসক্ত ২ তরুণকে পুলিশ ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে এক তরুণকে আটক করে সতর্ক করে দিয়েছে। এরপরও শহরজুড়েই এই জুয়ার নেটওয়ার্ক রয়েছে বলে একাধিক তরুণ দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে ফোন দিয়ে তথ্য দিয়েছেন।
শহরের ষোলঘর এলাকার একজন অভিভাবক নাম না ছাপার শর্ত দিয়ে বলেন,
‘ঘরের তরুণ ছেলেটি আইপিএল আসলেই টাকার বায়না ধরে, মূল্যবান জিনিস চুরি করে কিংবা বাইরে চুরি করতে যেয়ে ধরা খায় তখন অভিভাবকরা শংকিত হন এই টাকা নিয়ে সে কী করছে তা ভেবে। বাহারী জৌলুষের এই আইপিএল ক্রিকেট আজ সর্বনাশা মরণব্যাধির মতো আমাদের তরুণ যুবকদের চরিত্র হনন করে চলেছে একেবারেই নিরবে। প্রশাসন, পুলিশ কেউ টের পাচ্ছে না অথচ প্রতিদিন একএকটি ছোট এলাকা থেকে বেরিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ এমন কি কোটি কোটি টাকা’।
আরপিননগরের বাসিন্দা মনির আহমদ বলেন,‘আইপিএলকেন্দ্রীক এই জুয়া খেলা নিয়ন্ত্রণ হচ্ছে ভারতের বড় বড় শহর থেকে।  অনলাইনে বাজির রেট ঘোষিত হচ্ছে। আগুনে আকর্ষণ করা পোকার দলের মতো অনলাইনে হুমরি খেয়ে পড়ছে জুয়ারিরা। বল, ওভার, আউট, চার, ছক্কা, পাওয়ার পে, টার্গেট, কে বেশি রান করবে কিংবা কে বেশি উইকেট পাবে, জয়ী দল সবকিছু নিয়েই রয়েছে বাজি ধরার সুযোগ’।
শহরের নতুনপাড়ার বাসিন্দা টিটু দাস বলেন,‘আইপিএল জুয়ার রয়েছে নানা স্তর। একেবারে কম পয়সাওয়ালাদের জন্য ১০ বা ২০ টাকার, এভাবে উপরের স্তরে এগুলো ক্রমশ’ হাজার ছাড়িয়ে লক্ষের ঘরেও ছোঁয়। যে দলের পক্ষে বাজি ধরা হয়, সে দল জিতলে বাজির রেট অনুসারে মূল টাকার সাথে ফেরৎ আসে লাভের টাকা। আর হারলে গেল সবই’।
শহরের পৌর বিপণি, পুরাতন বাসস্টেশন, সুরমা হকার্স মার্কেট, পুরাতন কলেজ মার্কেট, পুরাতন বাসস্টেশন, তেঘরিয়া, বড়পাড়া, আরপিননগর, নতুনপাড়া, হাজীপাড়া, হাসননগর, মুক্তারপাড়া, মল্লিকপুর, নতুন বাসস্টেশনসহ প্রতিটি এলাকায় এই জুয়ারীচক্র ঘাটি করেছে।
প্রতিদিন এই খেলায় যে লক্ষ লক্ষ ছেলে অংশ নেয় এরা বাজির টাকার লেনদেন করে কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল ভয়াবহ এক তথ্য। ভারতের মূল জুয়া-হাউসের পক্ষে দেশের প্রতিটি অঞ্চলে রয়েছে এজেন্ট, সাব এজেন্ট ও মাঠ পর্যায়ের কর্মী বাহিনী। ফুটপাতের দোকানগুলো কম পয়সাওয়ালাদের লেনদেনের ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়। নানা হাত ঘুরে এই টাকা শেষ পর্যন্ত দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।
বুধবারও সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে আইপিএল খেলায় যুক্ত স্বপন নামের এক তরুণকে পুলিশ আটক করে সতর্ক করে দিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘পুলিশ আইপিএল’র জুয়া ঠেকাতে তৎপর। গত ৭ এপ্রিল হাজীপাড়ার সাগর আহমদ মাছুম নামের এক তরুণকে এই জুয়া খেলায় যুক্ত থাকার দায়ে ৭ দিন এবং ২৬ মার্চ সোহেল মিয়া নামের এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশই এদের আটক করেছিল। বুধবারও বিকালে এই জুয়া খেলায় যুক্ত আসকর আলী ও ছালেক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করতে ফাঁদ পেতেছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা সটকে পড়ে, তবে এরা যে দোকানে বসে খেলে ঐ দোকানের স্বপন মিয়াকে থানায় এনে সতর্ক করে দেওয়া হয়েছে’।