বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভক্তির পর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য-সদস্যাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সদস্য ও সদস্যাগণ দুই ভাবে বিভক্ত হয়েছেন। এক পক্ষ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকটের সাথে অন্য পক্ষ জেলার পাঁচজন এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বাধীন অংশে রয়েছেন। নির্বাচিত ২০ সদস্যের ১০ জন নূরুল হুদা মুকুটের পক্ষে এবং বাকী ১০ জন এমপি বলয়ের পক্ষে রয়েছেন বলে অনুসন্ধানে দেখা যায়।
যদিও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য-সদস্যদের দাবি, তারা কোন ধরনের বিভক্তিতে নেই। চেয়ারম্যানের সাথে তাদের কোন বিভক্তি সৃষ্টি হয়েছে এমনটি মানতেও তারা নারাজ। জেলার সার্বিক উন্নয়ন ও জেলা পরিষদের উন্নয়নের স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ। বুধবার ঢাকায় শপথ অনুষ্ঠান ছিল তাই সোমবার সুনামগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তারা।
জানা যায়, গত ১৬ জানুয়ারি সোমবার সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সকল সদস্যদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের এক অংশ উপস্থিত ছিলেন। তবে এমপিদের নেতৃত্বাধীন অংশের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে।
বুধবার জেলা পরিষদের সদস্য-সদস্যাদের শপথগ্রহণ অনুষ্ঠানের পর এমপি বলয়ের সদস্যদের অনেকেই রাতে রাজধানী শহরে প্রতিমন্ত্রী এমএ মান্নান, এমপি মুহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবিরের সাথে খাওয়া-দাওয়া ও বৈঠক করেছেন।
জানা যায়, সোমবারের সংবর্ধনা অনুষ্ঠানে মুকুটের অনুসারী হিসাবে নির্বাচিত যেসব সদস্য উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের আবুল হোসেন খান, ১ নং সংরক্ষিত ওয়ার্ডের সেলিনা আবেদীন, ৫ নং ওয়ার্ডের শাহ শামছুজ্জামান শাহ, ৬ নং ওয়ার্ডের সৈয়দ তারিক হাসান দাউদ, ৮নং ওয়ার্ডের সদস্য নাজমুল হক, ৯ নং ওয়ার্ডের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী, ১১ নং ওয়ার্ডের সৈয়দ সাব্বির মিয়া, ১৩ নং ওয়ার্ডের আমিনুল ইসলাম সেলিম, ১৪ নং ওয়ার্ডের আফজল হোসেন সজল ও ১৫ নং ওয়ার্ডের আব্দুস শহীদ মুহিত।
তবে সোমবারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন রোকন, সংরক্ষিত ২ নং ওয়ার্ডের সদস্যা সংরক্ষিত আসনের এমপি অ্যাড. শাহানা রব্বানীর বোন ফৌজিয়া আক্তার শাম্মী, ৩ নং ওয়ার্ডের সদস্য ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ, ৪ নং ওয়ার্ডের সদস্য জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, ৭ নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সদস্য মাহতাব উল হাসান সমুজ, ১২ নং ওয়ার্ডের সদস্য অ্যাড. আবুল আজাদ রোমান, সংরক্ষিত-৩ নং ওয়ার্ডের সদস্যা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু মিয়া স্ত্রী ফারহানা ইয়াসমিন সীমা, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের সদস্য সাবিনা সুলতানা হালিমা, সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের সদস্যা এমপি মুহিবুর রহমান মানিকের ছোট বোন নুরুন্নাহার চৌধুরী চিনু।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনানুল কবির ইমন বলেন,‘ জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু’মুখি লড়াই হয়েছে। এক পক্ষ ছিল বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আর্দশের পক্ষে, আরেক পক্ষ ছিল আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিরুদ্ধে। যারা সোমবারের অনুষ্ঠানে যান নি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা রাজনৈতিক প্রজ্ঞা লালন করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন,‘জেলা পরিষদের সদস্যদের সাথে আমার বা তাদের মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব বা বিভক্তি নেই। সোমবারের অনুষ্ঠানে সকল সদস্য-সদস্যাকেই দাওয়াত দেয়া হয়েছে। ঢাকায় শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়াসহ সাময়িক অসুবিধার কারণে কেউ কেউ আসতে পারেন নি। অধিকাংশ সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ তথা জেলাবাসীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ। জেলা পরিষদের ২০ জন সদস্যই আমার সাথে আছেন। এমপিদের সাথে কেউ নেই। কিছু মানুষ নানা কথা বলে সদ্যসের মাঝে বিভ্রান্তি তৈরি করতে চায়।’
- কুশিয়ারা নদী ভাঙ্গনে ফের হুমকির মুখে জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক
- ফ্রিল্যান্সারদের মিটআপ সেশন- ‘আমরা কাজের পিছনে দৌঁড়াবো না, কাজ আমাদের পিছনে দৌঁড়াবে’


