দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হয়েছে শনিবার। রাশিয়া, চীন, ভারত, কানাডা, অষ্ট্রেলিয়া, অষ্ট্রিয়া, নেপাল ইত্যাদি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে শনিবারে সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অধিবেশনটি পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। বিদেশি প্রতিনিধিবৃন্দ উন্নয়ন মহাসড়কে বাংলাদেশের এগিয়ে চলা, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কার্যকর অংশগ্রহণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পারদর্শিতা, দারিদ্রতা বিমোচন এমন সব কর্মকা-ে সফলতার জন্য শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নিজেদের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক ২০ তম জাতীয় সম্মেলনটি শুরুর দিনে জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সক্ষম হওয়ায় সম্মেলন আয়োজকরা নিশ্চয়ই আনন্দিত। এই সম্মেলনকে ঘিরে গত মাস খানেকের প্রস্তুতি ও সাজ সাজ রব রাজধানী ঢাকাকে ছাপিয়ে সারা দেশে মানুষের মনে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। একটি রাজনৈতিক দলের জাতীয় সম্মেলনকে নিয়ে এত জাতীয়-আন্তর্জাতিক আগ্রহ অতীতে হয়েছিল কিনা আমাদের জানা নেই। আশাবাদ জাগানিয়া এই সম্মেলনের সমাপ্তি ঘটছে আজ। আমরা আওয়ামী লীগের সম্মেলনের সর্বতো সফলতা কামনা করি।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্বে তৈরি ও পরিচালিত এই দলটি শুরু থেকেই বাঙালি জাতির জাতীয় আশা আকাক্সক্ষা ধারণে সক্ষম হয়। ফলে মুসলিম লীগের আঁচল ছেড়ে বাঙালিরা আওয়ামী লীগের মধ্যে নিজেদের মুক্তির দিশা খুঁজে নেয়। ১৯৬৬ সনের ৭ জুন বঙ্গবন্ধু উত্থাপিত ঐতিহাসিক ছয় দফাকে বাঙালি জাতির মুক্তিসনদরূপে বিবেচনা করা হয়। ওই সনদপত্রে বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার, অর্থনৈতিক শোষণের অবসান, জাতিগত ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক ঘোষণা পেশ করে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ পরিণত হয় বাঙালি জাতির অবিসম্বাদিত মুক্তিদাতা হিসেবে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সনের রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয় স্বাধীনতা। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। একটি দেশ ও জাতিকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার এই দলটির সম্মেলন ঘিরে যে গণমানুষের আগ্রহ ও উদ্দীপনা থাকবে সেটি বলাই বাহুল্য।
তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভ্রান্ত দার্শনিক ভিত্তির উপর দাঁড়িয়ে ভারত ভাগের তৎপরতা শুরুর মধ্য দিয়ে এই অঞ্চলের রাজনীতিতে সাম্প্রদায়িকতার আনুষ্ঠানিক অনুপ্রবেশ ঘটানো হয়। একটি জাতিকে ধর্মীয় পরিচয়ে বিভাজন করার প্রতিক্রিয়াশীল ধারার বিপরীতে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় ১৯৪৯ সনে মাওলানা ভাসানী ও শামসুল হকের নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনাকে দার্শনিক ভিত্তি ধরে প্রতিষ্ঠা হয় আওয়ামী লীগের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা রাখেন। নিজ যোগ্যতা ও নেতৃত্ব বলে ১৯৫৩ সনে দলটির সাধারণ সম্পদকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১৯৬৬ সন থেকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। সুতরাং আওয়ামী লীগ ও শেখ মুজিব এক অবিভাজ্য সত্বারূপেই বাঙালি মানসে বিরাজিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলটি আজও একটি অসাম্প্রদায়িক ও উন্নত রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয়ে ভূমিকা পালন করছে। এই দলটি যত শক্তিশালী হবে এই অঞ্চলে প্রতিক্রিয়াশীলতার বিস্তার ততটাই পরাভূত হবে। চলমান সম্মেলনের মাধ্যমে দলটি আরও সংহত অবস্থানে পৌঁছাক, এই আমাদের আশাবাদ।
সবশেষে সম্মেলনের মাধ্যমে দলের কার্যকর, যোগ্য, দক্ষ ও বিচক্ষণ একটি কার্যকরি কমিটি গঠন করা হোক এবং সারা দেশে দলীয় ফোরামে যে অনৈক্য রয়েছে তার অবসান ঘটুক এই কামনা করি।
- শ্র্রদ্ধা ভালবাসায় সুরেশ দাসকে বিদায়- শহীদ মিনারে মানুষের ভিড়
- তাহিরপুরে ইরা’র জাতীয় স্যানিটেশন দিবস পালন

