আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি শুরু: ওবায়দুল কাদের

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এখন সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি দল গুছিয়ে নেওয়ার  কাজ চলছে।
রোববার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিকের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সৌজন্য সাক্ষাতে এলে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের পারস্পরিক ভাতৃত্ব, সৌজন্য ও আদর্শিক বন্ধন অটুটু আছে। নাসিক নির্বাচনে বিজয়ী মেয়র আইভীর দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে আসাই এর প্রমাণ।’
সৌজন্য সাক্ষাৎকালে সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। তাকে মিষ্টিমুখও করানো হয়। এ সময় মেয়র আইভী তার বিজয়ে সর্বাত্মক ভূমিকা রাখায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের সময় দলের কেন্দ্রীয় নেতাদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, শামসুন নাহার চাঁপা, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, মির্জা আজম, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মারুফা আখতার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।