সু.খবর ডেস্ক
ভারতের সঙ্গে আজ সোমবার থেকে ১৪ দিনের জন্য স্থল পথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। রবিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।
আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। রবিবারের এ সিদ্ধান্তের ফলে তাদের সঙ্গে স্থলপথে চলাচল বন্ধ হয়ে যাবে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। অক্সিজেনের অভাবে অনেক হাসপাতাল থেকে প্রতিনিয়ত মৃত্যুর খবর আসছে।
বিশ্বরেকর্ড গড়ে আক্রান্ত শনাক্ত হচ্ছে প্রতিদিন। এর মধ্যে করোনাভাইরাসের নতুন একাধিক ধরনও শনাক্ত হয়েছে দেশটিতে। এমনকি ‘দুইবার রূপ পরিবর্তন করা’ ধরনও পাওয়া গেছে ভারতে।
সূত্র : সমকাল


