আগামীকাল পৌর মেয়রের নেতৃত্বে শহরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
দেশজুড়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রতিবাদ কর্মসূচির ন্যায় সমাজের সকল শ্রেণী পেশার লোকজনদের নিয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল।
জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সমাজের নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলতে জেলা সদরের ইমাম-মোয়াজ্জিন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ২৩ টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে এই কর্মসূচির ডাক দেয়া          
হয়েছে।
আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হবে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্ত্বরে সমাবেশে মিলিত হবে।
জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেয়র আয়ুব বখত জগলুল। মতবিনিময় সভায় জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেয়র আয়ুব বখত জগলুল জানান, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সমাজের নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলতে ইমাম-মোয়াজ্জিন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ২৩ টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ২০১ সদস্য বিশিষ্ট ‘ জঙ্গি ও সন্ত্রাস বিরোধী নাগরিক ঐক্য পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ওই ২৩টি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের রাখা হয়েছে। ২৩টি সংগঠনের দায়িত্বশীলরা তাঁকেই (পৌর মেয়র আয়ুব বখত জগলুল) কমিটির প্রধানের দায়িত্ব দিয়েছেন। এছাড়া এই কমিটির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডেই স্থানীয় পৌর কাউন্সিলরকে প্রধান করে ১০১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও পেশাজীবী প্রতিনিধিদের রাখা হবে।