স্টাফ রিপোর্টার
পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি সুনামগঞ্জে আসছেন আজ বৃহস্পতিবার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী তাঁর সফর সঙ্গী হবেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে এসে পৌঁছাবেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি। দুপুর ১টায় ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার হাওর রক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন এবং জামালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নব নির্মিত ঘর পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী, গণমাধ্যম প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।


