আগামী সপ্তাহে কানাইখালী নদী খনন শুরু

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বহুল আলোচিত পলি ভরাট হওয়া কানাইখালী নদী খনন আগামী সপ্তাহেই শুরু করার উদ্যোগ নিয়েছে বিএডিসি। সোমবার বিকালে ভরাটকৃত নদী খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নদী এলাকা পরিদর্শন করেছেন বিএডিসি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী প্রণজিৎ কুমার দে।
নদী পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলী প্রণজিৎ কুমার দে স্থানীয় লোকজনসহ উপকোর ভোগী কৃষকদের সাথে কথা বলেন এবং খুব তাড়াতাড়িই নদী খননের কাজ শুরু করা হবে জানান।
প্রণজিৎ কুমার দে বলেন,‘ভরাটকৃত কানাইখালী নদীর দু’টি অংশে তিন কিলোমিটার খননের উদ্যোগ নেয়া হয়েছিল।        এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও জলাবদ্ধতার শিকার ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুরোধে হাওরের পানি নিস্কাশনের সুবিধার্থে আমরা ৬ কিলোমিটার খনন করব। এলাকাবাসীর দাবি অনুযায়ী ভরাটকৃত কানাইখালী নদীর ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের পশ্চিমপ্রাপ্ত থেকে পাগনা বিলের খলা পর্যন্ত একটি অংশ এবং আরেকটি অংশে পাটামারা বাঁধ থেকে গজারিয়া খালের স্লুইস গেইট পর্যন্ত আমরা খনন করে দেব।’
নদী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিএডিসি সুনামগঞ্জ অফিসের সহকারি প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান ও রুবায়েত ফয়সাল আল মাসুম, উপ সহকারি প্রকৌশলী হাসান মাহমুদ, এলাকার সাবেক ইউপি সদস্য নুরু মিয়া ও ফেনারবাঁক ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য ইয়াছিন মিয়াসহ এলাকার কৃষকরা।
উল্লেখ্য, ফেনারবাঁক ইউনিয়নের উজান দৌলতপুর গ্রামের সামনের বালুচরা বিল থেকে উৎপত্তি হওয়ায় কানাইখালী নদী দিয়ে বৃহত্তর পাগনার হাওরের পানি নিস্কাশিত হয়। কিন্তু গত প্রায় দেড়যুগ ধরে পলি পড়ে এই নদী ভরাট হয়ে যাওয়ায় কারণে ফেনারবাঁক ইউনিয়নের রাজাবাজ, উজান দৌলতপুর, ভাটি দৌলতপুর, খুজারগাঁও, তেঘরিয়া, গঙ্গাধরপুর, ছয়হারা, মাতারগাঁও, রাজাপুুর, কামারগাঁও, ইনাতনগর, ফেনারবাঁক গ্রামের একাংশ ও ভীমখালী ইউনিয়নের রাজাবাজ, ভান্ডা, মল্লিকপুর, হাসনাবাজ, ভীমখালী গ্রামের কৃষকদের জমি জলাবদ্ধ শিকার। এসব গ্রামের শত শত কৃষকদের বোরো জমি বছরের পর বছর ধরে অনাবাদি থাকছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ভরাটকৃত কানাইখালী নদী খননের উদ্যোগ নিয়েছে বিএডিসি।