স্বপন কুমার দেব
দুটিই প্রতীকী শব্দ। ঝড় উঠার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আবহাওয়া, চাপ, নিম্নচাপ, তাপ ইত্যাদি অনেক প্রক্রিয়া শেষে বেশির ভাগ ক্ষেত্রে ঝড়ের জন্ম হয় সাগরে। তবে কালবৈশাখী ঝড়, ষড় ঋতুর দেশে বাঙালিদের নিজস্ব। তবে প্রতীকী বিধায় সব হিসাবেই চায়ের কাপে কিংবা ফেসবুকে ঝড় উঠার কোন প্রকৃত সম্ভাবনা নেই। কোন একটি বিশেষ বিষয় নিয়ে কয়েকজন মিলে অধিক মাতামাতি-তর্কবিতর্ক, চায়ের আসরে বসে যখন শুরু করেন তখনই বলা হয় চায়ের কাপে ঝড় উঠেছে। আসরটি কারো বাসায় কিংবা চায়ের দোকানে হতে পারে। তা যেখানেই হোক না কেন সামনে থাকে চা ভর্তি চায়ের কাপ কিংবা পেয়ালা। চায়ের কাপে আয়েশ করে একটু একটু চুমুক দেয়া আর মধুর তর্ক ক্রমশ: জমে উঠা। ধীরে ধীরে বাড়ে উত্তেজনা, বাড়ে জমাটি ভাব। এক পেয়ালা শেষ হলে আবার চা ভর্তি নতুন পেয়ালা পরিবেশিত হয়। আড্ডা বা আসরে উত্তেজনা যত বাড়ে চায়ের কাপে ঝড়ের মাত্রা ততই বাড়তে থাকে। এভাবেই উঠানামা করে ঝড়ের পারদ। ঝড়ের প্রবল হাওয়ায় চায়ের কাপ উড়িয়ে নেওয়ার কোন ঘটনা ঘটে না। তা সম্ভবও নয়। আসলে এটা তো প্রতীকী। তবে মাঝে মাঝে উত্তেজনার মুহূর্তে কাপ নামানো উঠানোর মধ্যে জোরে চাপ পড়ে চা ছলকে পড়ে যায়। আগের দিনে চায়ের কাপে ঝড় উঠার ঘটনা প্রায়শই ঘটতো। অনুপম সৌন্দর্যে ভরা চায়ের কাপে ঝড় উঠার দিনগুলির এখন দুর্দিন চলছে। চায়ের জায়গা অনেকটাই দখল করে নিয়েছে কফি। কফির কাপের সঙ্গে ঝড় শব্দটি বেমানান। তবে মান্না দে’র বিখ্যাত গানের কারণে কফি হাউসের আড্ডা জনমনে বিশেষ জায়গা করে নিতে সমর্থ হয়েছে। যাই হোক চা, কফি দ’ুটিই দুর্বল হয়ে গেছে ফেসবুক ঝড়ের কাছে। এখন পাঁচজন একসঙ্গে বসে চা কিংবা কফি পান করলেও সভায় যার যার স্মার্টফোনে ফেসবুক নিয়ে গভীরভাবে নিমগ্ন থাকেন। চায়ের কাপে ঝড় তোলা সহজ একটি কার্যক্রম। ছেলে বুড়ো সবাই এতে অংশ নিতে পারেন। স্মার্টফোনে ফেসবুক, ক্যামেরা, ইন্টারনেট সহ নানা সুযোগ সুবিধা থাকলেও এগুলি পরিচালনা করা বেশ জটিল ও কঠিন। বয়স্ক লোকদের জন্য তা অনেকাংশেই দুর্ভেদ্য। কাজেই স্মার্টফোন, ফেসবুকÑকিশোর, তরুণ, যুবকদের কাছে যেমন জল-ভাতের মতো সহজ তেমনি বয়স্কদের কাছে সেই পরিমাণ কঠিন। পুরনো লোকদের কাছে চায়ের কাপে ঝড় আকর্ষণীয় হলেও নতুনদের কাছে নয়। তবে ফেসবুকে ঝড় অনেকটা একাকী একজনের মতো। ফেসবুকে যে যার মতো ঝড় কিংবা সুনামী তুলতে পারেন। অংশগ্রহণকারীরা উত্তর প্রতিউত্তরে সেভাবেই জমিয়ে তোলেন ফেসবুকের ঝড় তথা তর্কবিতর্ক। তবে বয়স্ক প্রজন্ম অনেকটাই বাদ। নির্দিষ্ট ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফেসবুকের ঝড় আবর্তিত হতে থাকে। যারা অংশগ্রহণকারী তাদের আনন্দকে কোন ভাবে ছোট করে দেখার সুযোগ নেই। সম্প্রতি সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাড়া জাগানিয়া এক মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। উৎসবের দু’দিন সারা শহর জুড়েই উৎসবের ছোঁয়া লেগেছিল। উৎসব উপলক্ষ্যে অনেক আগে থেকেই ফেসবুকে ঝড় উঠেছিল। উৎসব শেষ হলেও ঝড় চলবে আরো বেশ কিছুদিন। এ ঝড় কোন বিধ্বংসী নয়। শুধু হাসি আনন্দের উথাল পাতাল ঝড়। এ ঝড়ের হাওয়ায় খুশির বান ডেকেছে। আকাশ সোনা সোনা আর মাটি সবুজ সবুজ রঙ ধারণ করেছে। ফেসবুকের কল্যাণে পৃথিবীর সর্বত্র তথা লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যেখানেই সতীশের প্রাক্তন ছাত্রীরা আছেন তারা সবাই বিনা সুতার মালায় একে অন্যর সঙ্গে নতুনভাবে গাঁথা হয়েছেন। অনুষ্ঠানে যোগ দিতে সুদূর বিদেশ থেকে কেউ কেউ উড়ে এসেছেন। আবার কেউ পারেন নি। যারা আসতে পারেননি তারা মন খারাপের অশ্রুপাত করলেও ফেসবুকের মাধ্যমে যেমন অনুষ্ঠান উপভোগ করেছেন তেমনি স্মৃতিকাতর হয়ে নষ্টালজিয়ায় ভোগেছেন। ফেসবুকে ঝড়ের মাতম হয়তো কোন একদিন চায়ের কাপে ঝড়ের মতোই কমে আসবে। নতুন নতুন প্রযুক্তি ও দেয়া নেয়ার মাধ্যম জায়গা দখল করবে। এটাই তো নিয়ম। এভাবেই চলতে থাকবে কালের রথচক্র। চায়ের কাপে ঝড় নিয়ে এখনকার প্রবীণরা হয়তো বলবেন আহা! আগের চায়ের আসর কত না সুন্দর ছিল। আর এই প্রজন্ম যখন প্রবীণ হবে তখন আধুনিকতম প্রযুক্তি ও বেগবান আদান প্রদানের কাছে অসহায় হয়ে হয়তো বলবেন আগের ফেসবুক কত না সুন্দর ছিল। এভাবে চলতে থাকবে সুন্দর দিন কাটানোর অনবরত প্রক্রিয়া। সামনে উঠে আসবে পুরনো ইতিহাস আর রচিত হবে নতুন ইতিহাস। পুরানো-নতুন একে অন্যর পরিপূরক। এভাবেই ঘুরতে থাকুক চাকা।
লেখক : সিনিয়র আইনজীবী-কথাসাহিত্যিক
- অভিনন্দন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে
- প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের পরিবারকে শিক্ষা সহায়তা প্রদান


