স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী, জাতীয় নেতা মরহুম আব্দুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ কোর্ট জামে মসজিদে জোহরের নামাজের সময় দিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. শফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এছাড়াও সকাল সাড়ে ৮ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুম আব্দুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে সকাল ৭টায় ৮৩, লেকসার্কাস কলাবাগানস্থ মরহুমের বাসভবনে কোরানখানি ও লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুম আব্দুস সামাদ আজাদের সহকর্মী, শুভানুধ্যায়ী সকলকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নিযুক্ত হন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী
আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এনডিএফ এর দপ্তর সাম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে এমএনএ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি।
৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় সফল পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বৃটিশ, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচারের রোষানলে পড়ে জীবনের বহু বছর তিনি কারাবন্দি ছিলেন। ২০০১ সালের শেষ নির্বাচনে দল হারলেও আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।


