আজ দুপুর থেকে জগন্নাথপুরে দোকানপাট বন্ধ থাকবে

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরি নির্দেশনা প্রদান করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতটি নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির নিদের্শনাগুলো ‘ইউএনও জগন্নাথপুর’ অফিসিয়াল ফেসবুক ফেইজে গতকাল সাড়ে তিনটার দিকে আপলোড করা হয়েছে।
নিদের্শনাগুলো তোলে ধরা হলো- সম্ভাব্য করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলায় ঔষধ খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দুপুর একটা হতে পরবর্তী দিন সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। চায়ের দোকান, খাবারের রেস্টুরেন্ট, চুল কাটার সেলুন পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, সকল সরকারি অফিসের সামনে জনসাধারণের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য সার্বক্ষণিক পুলিশ ও আনসার মোতায়ন করতে হবে এবং হাসপাতালে রোগীর সাথে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করতে হবে, হোম কোয়ারেন্টাইন সংক্রান্ত সরকার নির্দেশিত বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি ওয়ার্ডে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি কার্যকর করতে হবে এবং কমিটিকে সহায়তার জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল গঠন করে তাদেরকে ইউনিয়ন ভিত্তিক পর্যাপ্ত নিরাপত্তা সাথে প্রশিক্ষণ দিতে হবে। প্রতিটি হাট বাজার ব্যবসায়ী সমিতি নিজ নিজ বাজার এলাকায় উপজেলা কমিটির সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত মাইকিং ও অন্যান্য মাধ্যমে প্রচারণার ব্যবস্থা নিশ্চিত করবেন।
এছাড়া জরুরি নির্দেশনায় বলা হয়, আগামী ২৪ মার্চ ২০২০ থেকে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর সহায়তায় উপর্যুক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়িত হবে।
এদিকে সকালে জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুয়ায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ঔষধ ও নিত্যপন্যের দোকান ছাড়া বন্ধ করার জন্য ব্যবসায়ীদের জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আমাদের করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনাগুলো কেউ অমান্য করলে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, করোনার সংক্রমন রোধে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুয়ায়ী সন্ধ্যা সাতটার মধ্যে ঔষধ ও নিত্যপন্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখতে হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর বলেন, অতি সম্প্রতি জগন্নাথপুরে ৬শতাধিক প্রবাসি দেশে ফিরেছেন। এরমধ্যে আমরা ১৫০ প্রবাসিকে হোম কোয়ারেন্টিনে রেখেছি।