সু.খবর ডেস্ক
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। শুরু মুজিববর্ষেরও। আজ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আজ রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করবেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়।
এর আগে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাও এলাকার পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ক্ষণ গণনার উদ্বোধন ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী জানিয়েছেন, বড় ধরনের জমায়েত পরিহার করে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে অন্যান্য কর্মসূচি পালন করা হবে। জনসমাগম পরিহার করে সারাদেশে এক সঙ্গে মুজিব বর্ষের অনুষ্ঠান দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
প্রশাসনের কর্মসূচি
জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। এসময় সকল সরকারি এবং বেসরকারী ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, বেলা সাড়ে ১১ টায় গৃহহীনদের মধ্যে গৃহের চাবি হস্তান্তর, ভূমিহীনদের মাঝে কবুলিয়ত দলিল হস্তান্তর এবং আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় আনন্দভোজ, সন্ধ্যা ৭টায় আলোকচিত্র প্রদর্শনী, রাত ৮টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়াও দিবস উপলক্ষে আলোকসজ্জা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।


