আজ বাম জোটের হরতাল

স্টাফ রিপোর্টার
জ্বালানি তেল, ইউরিয়া সার, বিদ্যুৎ তেল ও খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল। হরতালের সমর্থনে বুধবার শহরের আলফাত স্কয়ারে প্রচার সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোরও পাঁয়তারা চলছে। সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে মানুষের পকেট কাটার এই উৎসব চলতেই থাকবে। মানুষ নিষ্পেষিত হতে থাকবে।
সমাবেশে বক্তারা সুনামগঞ্জবাসীকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথে থেকে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক জালাল সুমন, সদস্য কমরেড নাসরিন আক্তার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি।