আজ মহাষষ্ঠী দেবীর বোধন

স্টাফ রিপোর্টার
মহা ষষ্ঠীর বোধন লগনে, ঢাকের বাদ্যি শুনি ক্ষণে ক্ষণে,
উদ্ভাসিত মৃন্ময়ী রূপ সোনার প্রতিমা বরণে,
চিন্ময়ী মাগো আনন্দরূপীণী, স্থল-জল শোনে বোধনের ধ্বনি,
আকাশ-বাতাস মুখরিত আজি বন্দিত তব শুভ আগমনী
আজ মহাষষ্ঠী। বাপের বাড়িতে উমা মর্তে প্রথম পা রাখলেন। চলছে মাকে বোধনের নানা আচার অনুষ্ঠান। বোধনের পর অধিবাস। আগমনীর সুরে উৎসবের সূচনা। সেই সূচনা লগ্নে গা ভাসিয়েছে সকলে। মহাষষ্ঠী মানে সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন। বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। রীতিমত শুচিশুদ্ধ হয়ে। সকাল থেকে আকাশ থেকে উঁকি মারছে সূর্য। সবাই তাই দারুণ খুশি। সকালে মহাষষ্ঠীতে  মাকে বরণ করে নিতে আরাধনায় মেতে উঠবে সনাতন সকলে। ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা,
শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজামন্ডপ। আনন্দময়ীর আগমনে আনন্দে তারা উদ্বেলিত। পূজারি ও ভক্তদের অন্তর উদ্বেলিত হবে দেবী মহামায়ার অধিষ্ঠানে। সবাই শামিল হবে পৃথিবীর সব আসুরিক শক্তির বিরুদ্ধে বিজয় ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠার প্রার্থনায়।
এদিকে উৎসবকে সার্থক করতে এরই মধ্যে অনেক পূজামন্ডপে প্রতিমা রং করাসহ মন্ডপ তৈরি ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এখনও  যেসব মন্দিরের আলোকসজ্জার কাজ শেষ হয়নি, সেসব মন্দির প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করে তুলতে মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের ঘষা মাজা ও রংয়ের কাজ। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, জেলায় ৩৫১ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয়া দুর্গাপুজার নির্ঘণ্ট
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আর আজ মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। আজ ২০ আশ্বিন, ৭ অক্টোবর ২০১৬, শুক্রবার। ষষ্ঠী ঘ ৩/৫৯ পর্যন্ত। শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। পূর্বাহ্ন ৯/৫৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮/২৪ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। দেবীর ঘোটকে আগমন।