স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে এবার সর্বজনীন শারদীয় দুর্গোৎসবকে বর্ণাঢ্যভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবকে সামনে রেখে প্রতিটি পূজাম-প নানাভাবে সাজানো হয়েছে। এবার জেলায় ৩৫১টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্যে সার্বজনীয় পূজা ৩২৭টি, ব্যক্তিগত পূজা ২৪টি,
গত ৩০ সেপ্টেম্বরে মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে মূলপর্ব শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর মঙ্গলবার শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ শারদীয় উৎসব। প্রতিটি পূজা মন্ডপে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবং তার মেয়ে লক্ষ্মী, সরস্বতী, ছেলে গণেশ, কার্তিক ও অনিষ্টকারী অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি। বাহ্যিক ও আত্মিক অসুর নিধন করে শুভশক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর পালিত হয় শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা সামনে রেখে জেলা-উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, গতবার জেলায় পূজামন্ডপের সংখ্যা ছিল ৩২৫টি। এবার জেলার ১১ উপজেলার ৩৫১টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় ২২টি, পৌরসভার বাইরে সদর উপজেলায় ১৭টি, জগন্নাথপুর উপজেলায় ২২ টি, জগন্নাথপুর পৌরসভা এলাকায় ৫টি, দিরাই উপজেলায় ৫১ টি, দিরাই পৌরসভা এলাকায় ৫ টি, ছাতক উপজেলায় ১৮টি, ছাতক পৌরসভায় ১২ টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৩টি, জামালগঞ্জ উপজেলায় ৪৫টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২২টি, শাল্লা উপজেলায় ২৯টি, তাহিরপুর উপজেলায় ২০টি, দোয়ারাবাজার উপজেলায় ১৭টি, ধর্মপাশা উপজেলায় ১৬টি, মধ্যনগর থানায় ২৭টিসহ জেলায় মোট ৩৫০টি পূজামন্ডপ দুর্গা পূজা উদযাপিত হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু বলেন, দুর্গাপূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার লক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। গতবারের চেয়ে এ বছর ২৬টি পূজাম-পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পরিচালনা কমিটির লোকবল বাড়ানো হয়েছে। আইনশৃংখলা বাহিনী পূজার সার্বিক নিরাপত্তায় কাজ করছেন। পরিচালনা কমিটির লোকজনের সাথে সব সময় সমন্বয় করছেন পুলিশ। আমাদের আশা এবারের দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশেই আমরা উদযাপন করব।


