বিশেষ প্রতিনিধি ও দিরাই প্রতিনিধি
৬ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা শহর শত্রুমুক্ত হলেও এই দিনটি ছিল দিরাই উপজেলার পেরুয়া- শ্যামারচরবাসীর জন্য সবচেয়ে ভয়াবহ দিন। ১৯৭১’এর এই দিনেই পেরুয়া-শ্যামারচরে হত্যাকা–লুটপাট, নারী নির্যাতন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় পাকবাহিনীর দোসর রাজাকার-আলবদররা। স্থানীয়দের দাবি অনুযায়ী এদিন পেরুয়া-শ্যামারচরে ২০ জন নিরীহ বাঙালি গণহত্যার শিকার হন এবং কমপক্ষে ২০ জন নারী নির্যাতনের শিকার হন। কয়েক’শ ঘরবাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। সুনামগঞ্জের ভাটি অঞ্চলে এটিই সবচেয়ে লোমহর্ষক হত্যাযজ্ঞ ছিল।
এই ধংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকার সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত ‘পেরুয়া বড়বাড়ি’। পেরুয়া বড়বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছিল। এই গণহত্যা এবং পৈশাচিক নির্যাতনের প্রত্যক্ষ স্বাক্ষী কয়েকজন এখনো জীবিত রয়েছেন। কিন্তু পাক হায়েনাদের দোসরেরা এখনো জীবিত এবং প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পান না।
স্থানীয় রাজনীতিক অমর চাঁন দাস বলেন, ‘পেরুয়া-শ্যামারচরের হত্যাকা-ে পাকবাহিনীকে দেখেনি সাধারণ মানুষ। এখানকার হত্যাকা-, লুটপাট, নারী নির্যাতন এবং অগ্নিসংযোগের ঘটনায় কয়েক’শ রাজাকার অংশ নিয়েছিল। ৬ ডিসেম্বর ভোর ৪ টায় প্রথম এরা পেরুয়া গ্রামের রাম কুমার রায়ের বাড়িতে আক্রমণ চালায়। রাজাকাররা রামকুমার রায়ের ভাই হেমচন্দ্র রায়, পুত্র চিত্তরঞ্জন রায়সহ পরিবারের ৫-৬ জনকে হত্যা করে। গ্রামের লোকজন কেউ নৌকায়, কেউ পায়ে হেঁটে সাতার কেটে পাশের জলধার হাওরের পুতায় আশ্রয় নেয়। হামলাকারী রাজাকাররা পরে জলধার পুতায় গিয়ে হানা দেয়। ওখান থেকে কেউ কেউ সাঁতার কেটে প্রাণে বাঁচলেও ৪ জন মুক্তিযোদ্ধাসহ অনেকেই প্রাণ হারান। এই হামলার প্রত্যক্ষদর্শী ব্রজেন্দ্র দাস গুলি খেয়ে এখনো বেঁচে আছেন। তাঁর শরীরে দীর্ঘদিন গুলি ছিল। ২ বছর আগে তিনি গুলি অপসারণ করিয়েছেন।’
স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, এই হত্যাকা- যারা চালিয়েছিল তাদের কেউ কেউ স্বাধীনতা পরবর্তী সময়ে বর্তমান সরকারি দল আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত হয়ে যাওয়ায় তাদের প্রভাব পাকিস্তান সময়কালের মতোই এখনো রয়েছে।
পেরুয়া-শ্যামারচর হত্যাযজ্ঞে জড়িত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গত পহেলা জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের তদন্তদল এই এলাকায় প্রথম দফায় ৪ দিন অবস্থান করে সরেজমিনে তদন্ত চালায়।
তদন্ত সংস্থার একই দল দ্বিতীয় দফায় তদন্ত চালায় গত ২১ ও ২২ অক্টোবর।
ঐ দুই দিনের তদন্তের সময় পৃথক পৃথকভাবে ৩০-৪০ জন স্থানীয় বাসিন্দার স্বাক্ষ্য নেন তারা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেন দ্বিতীয় দফা তদন্ত শেষে গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন, তদন্তকালে ২০ জনের মতো বীরাঙ্গনার নাম শুনেছেন তারা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেন রোববার এ প্রতিবেদককে বলেন,‘আমরা দ্বিতীয় দফায় তদন্ত করেছি। দ্বিতীয় দফায় ২০ জন বীরাঙ্গনার নাম পেয়েছি। এটি একটি বড় হত্যাযজ্ঞ, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা। আমরা ৫ম দফা পর্যন্ত সরেজমিনে মাঠ পর্যায়ে তদন্ত চালাবো। তদন্ত কাজ অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ স্বাক্ষীর স্বাক্ষ্য নেওয়া এবং তথ্য সংগ্রহ চলছে। তদন্ত সম্পন্ন হলে চূড়ান্ত রিপোর্ট বিজ্ঞ প্রসিকিউটরের মাধ্যমে ট্রাইব্যুনালে পেশ করা হবে’।


