আজ শ্যামা পূজা ও দীপাবলি

স্টাফ রিপোর্টার
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও দিবাগত রাতে শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা। অসৎ থেকে সৎপথে, অকল্যাণ ও অশুভ দূরীভূত করে মঙ্গল আলোয় আলোকিত করার অনুষ্ঠান দীপাবলি। মহালয়ায় আগত প্রয়াতগণের আত্মাকে পথ দেখানো এবং শ্রীরামচন্দ্র চৌদ্দ বছরের বনবাস থেকে ফিরে আসলে বরণে প্রজাদের আনন্দোল্লাসার্থে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানই দীপাবলি।
আদ্যাশক্তি দেবী দুর্গার দশমহাবিদ্যার এক রূপ কালী। কালীর এক রূপের নাম ‘শ্যামা’। শ্রী শ্রী কালীপূজা বা শক্তির পূজা নিত্য, মাসিক, ষান্মাসিক ও বার্ষিক বিভিন্নভাবে উদ্যাপিত হয়ে থাকে। কার্তিক অমাবস্যা তিথিতে সাংবাত্সরিক শ্রী শ্রী কালীপূজা বা শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালি নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়’র মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যমা, আদ্য মা, তারা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে  
পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। রাতে মন্ডপে মন্ডপে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি। সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করা হয়।
শ্যামাপূজা বা কালীপূজার পরেই ভ্রাতৃদ্বিতীয়া। একে শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠানও বলা যেতে পারে। এইদিন ভাই-বোনের মধুর সম্পর্কের পুনঃনবীকরণ করে নেওয়া হয় প্রতিবছর। শৈশবের হারিয়ে হাওয়া মধুর স্মৃতিগুলো যেন এই দিনটিতে বড় বেশি করে মনে পড়ে যায়। ভাই-বোনের স্নেহ ভালোবাসার সম্পর্কের প্রকাশ ভাইফোঁটার আচার অনুষ্ঠানটি মন কেড়ে নেয়। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরন্তন আবেগ অনুভূতিই জীবন্ত হয়ে ওঠে।
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়লো কাটা/
যমুনা দেয় যমকে ফোঁটা/আমি দিই ভাইফোঁটা’।
হেমন্তের পবিত্র শিশির দিয়ে বোন তার ভাইয়ের সব অশুভ অমঙ্গল ও অকল্যাণকর শক্তিকে ধুয়ে দেয়। সুগন্ধি চন্দন তিলক ললাটে এঁকে দিয়ে এনে দেয় সৌভাগ্যের পরশমণি। তারই সঙ্গে অমরত্বের প্রতীক দুর্বা আর ধনের প্রতীক ধান দিয়ে প্রার্থনা বা আশীর্বাদ করে ভাইয়ের সব কল্যাণের জন্য। অন্যদিকে ভাই বোনকে আশীর্বাদ বা তার মঙ্গল কামনা করে। ভাই-বোনের এই আকুতিতেই তো ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। ধর্মীয় বিভিন্ন গ্রন্থেও ভ্রাতৃ দ্বিতীয়ার বর্ণনা পাওয়া যায়।
ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, যমী (যমুনা) তার ভাই যমকে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে নিজ গৃহে এনে পূজা করে ভোজনে আপ্যায়িত করেছিলেন। জনশ্রুতি আছে সেই থেকেই ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব পালন হয়ে আসছে।
অন্যদিকে ১৩৩৬ খ্রিষ্টাব্দে আচার্য্য সবানন্দ সুরীর পুঁথির শেষ শ্লোকে বলা হয় মহাবীরের জীবনবাসন হলে রাজা নন্দী বর্ধন বোনের শোক নিবারণের জন্য বোনকে বুঝিয়ে আদর যতœ করে আপ্যায়ন করেছিলেন।
দীপাবলির উৎসবের মধ্যে মা কালীর আরাধনায় মৃত্যুর অধিপতি যমের বিতাড়ন ও অশুভ শক্তিকে প্রতিরোধ অন্যদিকে ভ্রাতৃদ্বিতীয়া যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করা হয়।