স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার ইউসুফ আলী খন্দকারের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা আদালত ভবনের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন
সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য দেবাশিশ দে,শহিদ আলী, জেলা জজ আদালতের নায়েব নাজির শিফাত শাহরিয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ ফেব্রুয়ারী কুড়িগ্রামের জেলা জজ আদালতের সেরেস্থাদার ইউসুফ আলী খন্দকারের বিরুদ্ধে তার ভাইয়ের করা একটি মামালায় তাকে গ্রেফতার করতে তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে কুড়িগ্রাম থানার পুলিশ। বিচার আদালতের একজন সেরেস্তাদার উপর পুলিশের নির্যাতনের এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়, বিচার বিভাগের একজন কর্মচারীর উপর পুলিশের এমন নির্যাতন কোনভাবে মেনে নেয়া যায় না। দ্রুত নির্যাতনকারী ঐ পুলিশ সদস্যকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।


