আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে -জয়নুল জাকেরীন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
স্থানীয় সংগঠন থেংসুয়া কৃষি সমবায় সমিতির উদ্যোগে এবং স্যানক্রেড আইসিডিপি সদর ইউনিটের সহযোগিতায় ওইদিন দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি স্থানীয় চৌমুহনী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচন্ াসভায় সভাপতিত্ব করেন সমিতির সভানেত্রী পান্না রাণী হাউই। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর   উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মকসুদ আলী, নারায়নতলা মিশন ইনচার্জ ফাদার সরোজ কস্তা (ওএমআই), বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাদার সুধির গমেজ, ফাদার অজিত কস্তা, ব্রাদার কাজল ও ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সদর শাখার সভাপতি পৌল সাংমা ও স্যানক্রেড আইসিডিপি সদর ইউনিটের ফিল্ড ম্যানেজার উইলসন দালবৎ।
অনুষ্ঠান পরিচালনা করেন নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সাংমা। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘আদিবাসীদের স্বার্থ রক্ষায় তাঁদের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে সকলে। তাঁদের শিক্ষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে এবং শিক্ষা, ভুমির অধিকার নিশ্চিত করতে হবে।’ তিনি নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য খেলার সামগ্রী দেয়ার আশ্বাস দেন।