আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপনে সিলেটে পাঁচদিন ব্যাপী কর্মসূচি

সিলেট অফিস
আগামীকাল ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এই দিবসকে সামনে রেখে সিলেটে পাঁচ দিন ব্যাপি কর্মসূচি আজ থেকে শুরু হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা, সুরমা রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে পাঁচ দিন ব্যাপি একাধিক কর্মসুচীর মাধ্যমে সুরমা’সহ সিলেট অঞ্চলের নদ-নদী রক্ষায় জনসচেতনতা ও নদীর পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া তুলে করবে। আজ সোমবার বিকাল ৪টায় চাঁদনীঘাটের সিঁড়িতে উন্মুক্ত মঞ্চে ‘নদী আমার মা’ শীর্ষক গানে কবিতায় নদী বিষয়ক পরিবেশনার মাধ্যমে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র উপাচার্য ও বাপা জাতীয় কমিটির সদস্য প্রফেসর মো. সালেহ উদ্দিন। নাট্য সংগঠন মৃত্তিকায় মহাকাল ‘গানে কবিতায় নদী’ নামে নিজস্ব পরিবেশনা উপস্থাপন করবে ।
১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে এ দিবস পালনের সিদ্ধান্ত নেন কিছু মানুষ । যারা নদীকে বাঁধ দিয়ে বন্দী করায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একত্র হয়েছিলেন নদীকে মুক্ত করার শপথ নিতে। বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই দিনকে ঘোষণা করেছিলেন International Day of action for Rivers। এ বছর বিশ্বব্যাপি আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপনের দুই দশক পূর্তি হচ্ছে ।