সু.খবর ডেস্ক
দেশের সংবিধান ও আইন মেনে অর্পিত দায়িত্ব পালনের কথা জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘আজ থেকে সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি। আমরা সংবিধান এবং সংবিধানের আলোকে প্রণীত আইনকানুনের ভিত্তিতে দায়িত্ব পালনে আপসহীন থাকবো।’ বুধবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে কমিশনে সরকারের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সংবিধান ও আইন মেনেই তা পালন করবো। কারও প্রভাবে প্রভাবিত হবো না। তিনি বলেন, দায়িত্ব পালনে আমরা নিরপেক্ষ থাকবো। কোনো পক্ষপাতিত্ব করবো না।
নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়ায় আমরা রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞ। শপথ নেয়ার পর থেকেই আমাদের ওপর নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি বলেন, ‘বিএনপিসহ ছোট-বড় সব দলকে নির্বাচন কমিশনের ওপর আস্থা আনতে কাজ করবো।’
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাব বিস্তারের
চেষ্টা করলে আপনার পদক্ষেপ কেমন হবে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে মোকাবেলা করবো। সংবিধানের বাহিরে যে কোনো ধরনের প্রভাবকে আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না।’
রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততার ব্যাপারে যে অভিযোগ উঠেছে এ ব্যাপারে জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘শপথ গ্রহণের পর থেকে রাজনৈতিক দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।’
আপনাকে জনতার মঞ্চের সংগঠক বলা হয়, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ ঠিক না। এটা মিথ্যা কথা। জনতার মঞ্চের সঙ্গে আমি কখনোই জড়িত ছিলাম না।
আপনাদের প্রথম লক্ষ্য কী জানতে চাইলে নতুন সিইসি বলেন, এই মুহুর্তে দেশে সুষ্ঠু নির্বাচন দেয়াই আমাদের জন্য চ্যালেঞ্জ। সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য পরবর্তী কর্মপন্থা ঠিক করবো।
এর আগে বেলা তিনটায় কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে শপথ গ্রহণ করেন।


