বিশেষ প্রতিনিধি
একদিকে করোনা অন্যদিকে আবহাওয়ার পূর্বাবাস জেনে চিন্তিত হাওরের জেলা সুনামগঞ্জের প্রায় সাড়ে তিন লাখ কৃষক। আগামীকাল বুধবার থেকেই হাওরাঞ্চলে ভারী বৃষ্টি হবে। উজানের মেঘালয়েও বৃষ্টি হতে পারে এমন আশংকার কথা জানানো হচ্ছে গ্রামের মসজিদের মাইক থেকে, হাট বাজারেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে আবহাওয়ার পূর্বাবাস জানানো হচ্ছে। কিন্তু ধানে চাল না আসলে ধানে কেটে ঘরে আনা হবে কীভাবে? এই প্রশ্নও হাওরের পাড়ে পাড়ে।
মঙ্গলবার সুনামগঞ্জ ও বিশ^ম্ভরপুর উপজেলার করচার হাওর, তাহিরপুরের মাটিয়ান ও শনির হাওরে সরেজমিনে ঘুরে দেখেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সিলেট জোনের প্রধান প্রকৌশলী মো. নিজামুল হক ভুইয়া ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রশাসনের উর্ধ্বতন এই কর্মকর্তারা দ্রুত ধান কাটতে কৃষকদের তাগিদ দিচ্ছেন।
কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতা কর্মীরাও।
জামালগঞ্জের পাগনা ও হালির হাওরে সংগঠনের ৭০ জন কর্মীকে ধান কাটতে নামিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর নেতৃত্বে মঙ্গলবার দেখার হাওরে ধান কেটেছে যুবলীগ। এসময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের আহ্বায়ক সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলও উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দুর্জয় দাস ও সাধারণ সম্পাদক আসাদ মনি’র নেতৃত্বে দুটি ধান কাটা ব্রিগেড হাওরে ধান কাটতে নেমেছে। তাহিরপুরসহ কিছু উপজেলায় ছাত্রলীগের নেতা কর্মীরাও ধান কাটতে নেমেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে কয়েকটি গ্রুপ করা হয়েছে। যারা আগামীকাল সকাল থেকে দিনভর প্রতিদিন হাওরে ধান কেটে কৃষকদের সহায়তা করবেন।
কৃষকরা জানিয়েছেন বিআর ২৮ জাতের ধান কেটে আনতে পারছেন তারা। কিন্তু বিআর ২৯ জাতের বেশির ভাগ ধানে চাল হয় নি।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সফর উদ্দিন জানালেন, প্রয়োজনে আইন প্রয়োগ করে ধান কাটার সকল মেশিনকে মাঠে নামানো হবে। চাষাবাদকৃত ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর বোরো জমির মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩০ শতাংশ ধান কাটা হয়েছে বলে দাবি করলেন তিনি।
- ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল
- ছাতকে রাজনৈতিক কর্মী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও ধান কাটতে মাঠে


