আবারও কর্নার থেকে সরাসরি গোল!

সু.খবর ডেস্ক
এই তো কয়েক দিন আগে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন জাহেদ পারভেজ। শেখ জামাল মিডফিল্ডারের সেই গোলের আমেজ কাটতে না কাটতেই আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেখা গেল কর্নার থেকে আরও একটি সরাসরি গোল! আবাহনী লিমিটেডের মিডফিল্ডার ইমন বাবুর কর্নার সরাসরি আশ্রয় নেয় বিজেএমসির জালে। ম্যাচে বিজেএমসিকে ৪-১ গোলে হারিয়েছে আবাহনী।
দ্রাগো মামিচ চলে যাওয়ায় আজ আবাহনীর ডাগ আউটে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক-কোচ আতিকুর রহমান এবং ট্রেইনার নজরুল ইসলাম। তবে প্রধান কোচ ছাড়া লিগে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিতে কোনো কষ্টই হয়নি আবাহনীর।
প্রথমার্ধের ১২ মিনিটে নাসিরউদ্দিনের গোলে এগিয়ে যায় আবাহনী। ২০ মিনিট পরে একক প্রচেষ্টায় ডিফেন্ডারদের ছিটকে স্কোরলাইন ২-০ করেন সানডে চিজোবা। দুই গোল হজম করেও ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল বিজেএমসি। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট গোল করে স্কোরলাইন ২-১ করেন বিজেএমসির এলিটা কিংসলে। কিন্তু ব্যবধান কমালেও তাঁরা আবাহনীর দাপট কমাতে পারেনি।
মূলত, আবাহনীর জাতীয় দলের মিডফিল্ডার ইমন বাবুর হাতেই ছিল ম্যাচের নাটাই। ৭০ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করেন তিনি। অবশ্য ইমনের এই গোলে গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলের অবদানই বেশি! তাঁর বাতাসে ভাসানো ইনসুইং শটের ফ্লাইট মিস করেছেন হিমেল। ম্যাচের অন্তিম মুহূর্তে আবাহনীর এক হালি গোল পূর্ণ করেছেন বদলি স্ট্রাইকার এমেকা ডার্লিংটন। এ জয়ে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট আবাহনীর। আর টিম বিজেএমসির সংগ্রহ ১৬ পয়েন্ট।