আবারও দ্রুত কাটার অনুরোধ , সুরমা নদীর পানি ৪-৬ মিটার বৃদ্ধির শংকা

স্টাফ রিপোর্টার
আবারও সুনামগঞ্জ জেলার হাওরের বোর ফসল অতিদ্রুত কাটার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ । আগাম বন্যা সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সময়ে মেঘালয়, আসাম, ত্রিপুরা ও বরাক অববাহিকায় ২০০-৪০০ মি.মি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সুনামগঞ্জ ও সিলেট জেলার হাওর অঞ্চলের প্রধান নদী সমূহের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। সুনামগঞ্জ জেলার সুরমা নদীর পানি ৪-৬ মিটার বৃদ্ধির আশংকা রয়েছে। এজন্য সুনামগঞ্জ জেলার হাওরের বোর ফসল অতিদ্রুত কাটার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি জানানো হয়, ডুবন্ত বাঁধের কাজ বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট ৭৪৫ পিআইসি সহ সকলকে নিজ অধিক্ষেত্রে অবস্থানপূর্বক বাঁধের নিবিড় মনিটরিং জোরদার করতে বলা হয়েছে। ডুবন্ত বাঁধের ১৩৫টি ক্লোজারে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে হবে। বাঁধের কোন ধরনের ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিলে বা ভেঙ্গে গেলে তাৎক্ষণিক মেরামত করতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে হবে।