দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় করোনাভাইরাসের প্রকোপে ঘরবন্দি হয়ে আছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অসংখ্য মানুষ। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।
শনিবার দিনব্যাপী তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে ১ হাজারেরও বেশি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বেলা ১১টা থেকে পশ্চিম পাগলা ইউনিয়নে তার নিজ ফিসারির কার্যালয়, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, ইমদাদিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ও শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭শ ৫০টি পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার ছাড়াও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দুপুর ২টায় পূর্ব পাগলা ইউনিয়নেও একাধিক স্থানে স্থানীয় নের্তৃবৃন্দের উপস্থিতিতে আরও ৪শ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
আবুল কালাম বলেন, ‘এই দুর্যোগময় মূহুর্তে মানুষের এগিয়ে আসা উচিত। একটি মানবিক দায়বোধ থেকে আমি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সরকার ইতোমধ্যে সাধারণ মানুষের উপকারে অনেক উদ্যোগ নিয়েছেন। আশা করছি আমরা এই সংকটময় সময় খুব তারাতারি কাটিয়ে উঠবো। আর সবাইকে অনুরোধ করবো যে যেভাবে পারেন সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান।’
উল্লেখ্য, ইতোপূর্বে আবুল কালামের একক অর্থায়নে সুনামগঞ্জ সুদর উপজেলার বিভিন্ন গ্রামে খাদ্য সহায়তা করেছেন। দক্ষিণ সুনামগঞ্জে পাথারিয়া, শিমুলবাক ও জয়কলস ইউনিয়নে ৭শ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেছেন। পর্যায়ক্রমে দক্ষিণ সুনামগঞ্জের সবক’টি ইউনিয়নেই তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করার ইচ্ছা প্রকাশ করেছেন আবুল কালাম।


