বিশেষ প্রতিনিধি
জেলার অপেক্ষাকৃত উজান এলাকার কৃষকরা বোরো ধানের ক্ষতি পুষিয়ে নেবার জন্য মরিয়া হয়ে আমন ধানের চাষাবাদের চেষ্টা করলেও ভাল বীজ পেতে সমস্যায় পড়েছেন। বিএডিসি’র সুনামগঞ্জ বীজ বিপণন কেন্দ্রেও চাহিদা অনুযায়ী বীজ পাচ্ছেন না কৃষকরা। এই অবস্থায় দোকানীদের কাছ থেকে নি¤œমানের বীজ কিনে কৃষকরা বিপাকে পড়ারও আশংকা করছেন।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার হেক্টর। হাওরডুবির কারণে ক্ষতিগ্রস্ত উজান এলাকার কৃষকরা তাদের নিজের সকল আমন জমিতেই এবার চাষাবাদের চেষ্টা করছেন। কিন্তু ভাল বীজ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে বিনা-৭ ও বিনাসাইলসহ ভালো জাতের বীজ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
জেলা বীজ বিপণন কেন্দ্রের দায়িত্বশীলরা জানান, সুনামগঞ্জে বি-আর ১১ জাতের বীজ ১৫০ মে.টন, বি-আর ২২ জাতের ৩৫ মে.টন, ব্রি-ধান ৩২ জাতের ১০ মে.টন, ব্রি- ৩৯ জাতের ৫ মে.টন, ব্রি-৪৯ জাতের ১১৬ মে.টন, ব্রি-৫২ জাতের ১ মে.টন, বিনা-৭ জাতের ৩৫ মে.টন, বিআর ২৩ জাতের ১৪ মে.টন, বিনাসাইল ৪ মে.টন, নাজির সাইল ৩ মে.টন এবং ব্রি-ধান ১ মে.টন। সব মিলিয়ে এবার সুনামগঞ্জ জেলা বীজ বিপণন কেন্দ্রে ৩৭৪ মে.টন বীজ পাওয়া গেছে।
বিএডিসি’র সুনামগঞ্জ জেলার বীজ বিপণন কেন্দ্রের সহকারী পরিচালক আওলাদ হোসেন বলেন,‘গত বছর সুনামগঞ্জে ৩৩০ মে.টন বীজ এসেছিল। কোন সংকট দেখা দেয়নি। এবার ৩৭৪ মে.টন বীজ পেয়েছি আমরা। কিন্তু কৃষকদের চাহিদা আরো বেশি। গত কয়েকদিন ধরে কার্ডধারী কৃষকদের রেশনিং সিস্টেমে বীজ দিচ্ছি। আমাদের কাছে বীজ শেষ হয়ে এসেছে। সাড়ে ৭ মে.টন বীজ মওজুদ থাকলেও মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশে সাড়ে ৩ মে.টন অন্যত্র দিতে হচ্ছে।
মওজুদ থাকা বীজের মধ্যে বিআর-২২.২৩ ও নাজিরসাইল মিলে আছে ৪ মে.টনের মতো। এই বীজে ২-৩ দিন হয়তো সরবরাহ করা যাবে। তিনি জানান, আরো ১০০ মে.টন বীজ চেয়ে গত ৫ জুলাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আওলাদ হোসেনের মতে, এবার বোরো’র ক্ষতি পুষিয়ে নিতে আমন আবাদের চাষী বেড়ে যাওয়ায় বীজের চাহিদা বেড়েছে।
বিশ্বম্ভরপুরের চাঁনপুরের আমন চাষী রফিকুল ইসলাম বলেন,‘ভালো জাতের বীজ না পাওয়ায় চিন্তিত আমরা। বাজারের বীজ কিনে প্রতারিত হই-কী না, এমন চিন্তা শুধু আমি নয়, যারা বিএডিসি’র বীজ পর্যাপ্ত পরিমাণে পাননি, তাদের সকলেরই রয়েছে।’
দক্ষিণ সুনামগঞ্জের সদরপুরের আমনচাষী আলমাছ আলীও বললেন,‘বিএডিসি’র ভালো জাতের বীজ না পেয়ে চিন্তিত আমরা’।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন,‘বোরো ফসল ডুবিতে ধানের দাম বেড়ে যাওয়ায় এবার অনেক কৃষকই বীজের জন্য রাখা ধান ভাঙিয়ে চাল করে খেয়েছেন, কেউ কেউ বেশি দামে ধান বিক্রি করে খরচ মিটিয়েছেন, এখন অনেকে বীজ সংকটে পড়েছেন। সরকারি ভাবেও আমন চাষীদের বীজ দেওয়া হয়নি। এই অবস্থায় বাজারের বীজ কিনে প্রতারিতও হতে পারেন কৃষকরা।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাহিদুল হক বলেন,‘আমরা এবার আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম ৬১ হাজার হেক্টর। আবাদ হবে কমপক্ষে ৭০ হাজার হেক্টর। বোরো’র ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা করছেন উজান এলাকার কৃষকরা। কৃষককের কাছে বীজ রয়েছে, তবে তারা যে জাতের ধান চাষাবাদ করতে চাচ্ছে, সেটা হয়তো পাবে না।’


