বিশেষ প্রতিনিধি
৮ বারের সংসদ সদস্য, স্বনামধন্য রাজনীতিবিদ, সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর তাঁর একমাত্র সন্তান সৌমেন সেন গুপ্ত বাবার শেষকৃত্য সম্পন্ন করে মঙ্গলবার দুপরে ঢাকায় ফিরে যান। সুরঞ্জিত সেন গুপ্তের দিরাই উপজেলা সদরের আনোয়ারপুরের বাড়ী থেকে সৌমেন বের হবার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক’শ নেতা কর্মী জড়ো হন। অনেকেই এসময় সৌমেনকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেন।
কেউ কেউ সৌমেনকে জড়িয়ে ধরে বলেন,‘আমরা তোমার বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখতে চাই, এজন্য তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে’।
সৌমেন সেন গুপ্ত শোকার্ত মানুষজনকে শান্তনা দিয়ে বলেছেন,‘আপনারা বাবাকে ভালবাসতেন, বাবাও আপনাদের ভালবাসতেন। মৃত্যুর পর এই ভালোবাসার যে প্রতিদান আপনারা দিয়েছেন। এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা দিরাই-শাল্লাবাসীর পাশে থাকবো, আমরা কখনোই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাব না’। সৌমেনের মন্তব্যে উপস্থিত শোকাহত সকলেই খুশি হয়েছেন।
ঢাকায় ফেরার পথে মুঠোফোনে দৈনিক সুনামগঞ্জের খবরের এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন সৌমেন।
দিরাই-শাল্লার পরবর্তী নেতৃত্বের ভাবনা প্রসঙ্গে সৌমেন বলেন,‘আমরা কখনোই প্রধানমন্ত্রী’র সিদ্ধান্তের বাইরে যাব না। বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই আমাদের অভিভাবক। উনার সিদ্ধান্তের বাইরে আমরা কখনোই যাব না। প্রধানমন্ত্রী এবং এলাকার মানুষ যদি মনে করেন বাবার অসমাপ্ত কাজের দায়ভার আমরা নেব। তাহলে আমাদের নিতে কোন আপত্তি নেই। বাবার শ্রাদ্ধানুষ্ঠান ১৩ দিন পর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে। এর পরপরই আমি এবং মা (জয়া সেন গুপ্ত) দিরাই – শাল্লায় আসবো। সর্বশেষ করা বাবার দিরাই উপজেলা সদরের সুরঞ্জিত সেন গুপ্ত পলিটেকনিকেল কলেজ এবং সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজের যাবতীয় দায়িত্ব ইতিমধ্যে আমি নিয়েছি, বাবার অসমাপ্ত কাজের মধ্যে যেগুলো আমার সাধ্যের মধ্যে রয়েছে, আমি অবশ্যই সেগুলো সম্পন্ন করবো। যে সব কাজ সম্পন্ন করতে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলো নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন।’
সৌমেন বললেন,‘বাবার সঙ্গে রাজনৈতিক কর্মসূচীতে আমি কম এসেছি। আসলে বাবা খুশি হতেন। সর্বশেষ গত ২৬ ডিসেম্বর শাল্লা উপজেলা সদরে বাবার সঙ্গে এসেছিলাম। বাবা অনেক খুশি হয়েছিলেন। এখন মনে হচ্ছে বাবাকে আরো সময় দিতে পারলে ভালো হতো।’
প্রসঙ্গত. সুরঞ্জিত সেন গুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেন গুপ্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি ও লেভেল পর্যন্ত পড়াশুনা করেছেন ঢাকার মোহাম্মদপুরের গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে। এ লেভেল সম্পন্ন সম্পন্ন করেছেন ধানমন্ডির গ্রীনজ্যাম ইন্টারন্যাশনাল স্কুল থেকে। কম্পিউটার সায়েন্সে সম্মান সমাপন করেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স সমাপন করেন কানাডার ডেল হাউস ইউনিভার্সিটি থেকে। সৌমেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সফল ব্যবসায়ী সৌমেন স্বল্পভাষি এবং বিনয়ী হিসাবেই আত্মীয়-স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে পরিচিত।
- ইজতেমার আখেরি মোনাজাত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায়
- সুরঞ্জিতের উত্তরাধিকারিত্ব- ‘সেন বাবু’র পরিবার থেকেই প্রার্থী চাই’


