আমাদের খেটে খেতে হবে -অর্থ প্রতিমন্ত্রী

সু.খবর ডেস্ক
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে নিজেদের উপার্জন নিজেদেরই ব্যবহার করতে হবে। আমাদের খেটে খেতে হবে।’ শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টারে আয়োজিত দিনব্যাপী কাস্টমস ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অর্থের প্রয়োজন। আমাদের অনেক কিছু করতে হচ্ছে একেবারে নতুন করে। প্রায় আমাদের কিছুই ছিল না, সেখানে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সব কিছুর জন্য অর্থের প্রয়োজন।’
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজস্ব বোর্ডের ঢাকা বিভাগীয় কমিশনার মো. মতিউর রহমান। বক্তব্য দেন বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান,        ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও সুলতান মো. ইকবাল।
সভাপতির বক্তব্যে রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান ৩০ জুনকে জাতীয় রাজস্ব দিবস ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমাদের রাজস্বের লক্ষ্যমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে।’ এ লক্ষ্যমাত্রা পূরণে তিনি কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।