শাল্লা প্রতিনিধি
নাড়ির টানে ৪২ বছর পর আমেরিকা থেকে শাল্লায় এসে চিকিৎসা সেবা দিয়েছেন ডা. রাধা রমন বৈষ্ণব। বুধবার সকাল ১০ টায় উপজেলার কুশিয়ারা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৃত সোনা কুমার বৈষ্ণব ও মৃত সরস্বতী বৈষ্ণবের পুত্র আমেরিকা প্রবাসী প্রফেসর ডা. রাধা রমন বৈষ্ণব (৮৫)।
ডা. রাধারমন বৈষ্ণব ১৯৬২ সনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আমেরিকায় চলে যান। পরে ১৯৭৭ সালে একবার দেশে আসেন। এরপর ৪২ বছর পর আবার শাল্লায় এসেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় এবং ডাক্তার দেবপ্রসাদ বৈষ্ণবের সার্বিক পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
ক্যা¤েপইনে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ের সার্জারী বিশেষজ্ঞ ডা. আবুল কালাম চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা. অরুণ কুমার বৈষ্ণব, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিশেষজ্ঞ ডা. আজাদুর রহমান, হবিগঞ্জ সাহিদ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, ঢাকা মুগদা মেডিকেল কলেজের প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত আরা ইউসুফ, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ ও ব্রেইন বিশেষজ্ঞ ডা. দীপেন্দ্র নারায়ণ দাস, দন্ত চিকিৎসক ডা. হেপী রানী মোদক প্রমুখ। তারা এসময় বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।
উল্লেখ্য, ডা. রাধারমন বৈষ্ণব ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তৎকালীন সময়ে তিনি কিছুদিন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে প্র্যাকটিস করেন। পরে তিনি আমেরিকায় চলে যান। সেখান থেকে তিনি কানাডায় গিয়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করে আমেরিকার ওয়েস্টার্ন রিজার্ভ মেডিকেল কলেজ হাসপাতালে লেকচারার হিসেবে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২২ ডিসেম্বর আমেরিকা থেকে নিজ জন্মভূমি শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের অন্তর্গত ভেড়াডহড় গ্রামে আসেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। আগামী তিনি ৯ জানুয়ারি আমেরিকার যাবেন।


