স্টাফ রিপোর্টার
‘আমরা কি দোষ করছি, বিদ্যুতের আরই মনে হয় হিন্দু, হিন্দু না হলে কারেন্ট নিবে কেন।’ নির্বাচিত জনপ্রতিনিধি হলেও উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় এভাবেই সাম্প্রদায়িক বক্তব্য দিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম ঝুনু মিয়া।
গতকাল বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা সমন্বয় সভায় এমন মন্তব্য করেন তিনি। অবশ্য সভায় উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার তাৎক্ষণিক উপজেলা পরিষদ চেয়ারম্যনের উস্কানীমূলক ওই বক্তব্যের প্রতিবাদ করেন।
কড়া ভাষায় তাৎক্ষণিক প্রতিবাদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তীসহ আরো অনেকেই। তবে নিজ বক্তব্যে অটল ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম ঝুনু মিয়া। তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি বা বক্তব্য প্রত্যাহারও করেননি। সভায় প্রতিবাদের ঝড় উঠলে নামাজের কথা বলে সভা ত্যাগ করে চলে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান। পরে আর সভায় আসেননি। এক পর্যায়ে তাকে ছাড়াই সভা শেষ হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু বলেন,‘ উপজেলা চেয়ারম্যান নিজেই সভায় বিদ্যুৎ প্রসঙ্গ উত্থাপন করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমরা কি দোষ করছি, ইফতার, সেহেরী ও মাগরিবের নামাজের সময় কারেন্ট থাকে না। বিদ্যুতের আরই মনে হিন্দু, হিন্দু না হলে কারেন্ট নিবে কেন।’ উপজেলা চেয়ারম্যানের সাম্প্রদায়িক এই মন্তব্যের পরপরই আমরা প্রতিবাদ জানিয়েছি। সভায় প্রতিবাদের ঝড় উঠলে চেয়ারম্যান সাহেব নামাজের কথা বলে সভা ত্যাগ করে চলে যান।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘ বিদ্যুৎ নিয়ে উপজেলা চেয়ারম্যান সাহেবের এভাবে কথা বলা মোটেও উচিত হয়নি । সভায় উপস্থিত অনেকেই তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন ও বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করেছেন। তবে তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি বা বক্তব্য প্রত্যাহারও করেননি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম ঝুনু মিয়া বলেন,‘ বিদ্যুতের আরই হিন্দু- আমি এধরনের কোন কথা বলিনি। ’ উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা ভাইস চেয়ারম্যান কি মিথ্যা বলছেন জানতে চাইলে বলেন,‘ এই বিষয়টি বাদ দেন তো।’
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম মো. সোহেল পারভেজ বলেন,‘ জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা যথাসাধ্য সকল শ্রেণি পেশার গ্রাহককেই বিদ্যুৎ সরবরাহ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ’
- সুরমা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
- অপরিকল্পিত কালভার্ট নির্মাণের অভিযোগ- সড়ক কেটে খাল তৈরি করায় দুই ইউনিয়নবাসীর দুর্ভোগ


