আলীপাড়ার সড়কে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার
পৌর শহরের আলীপাড়া এলাকার মেইন সড়ক দীর্ঘ কয়েক বছর যাবত সংস্কার না করায় যানবাহন ও জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে সড়কে যানবাহন চলাচল করে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরপুর সড়কটি জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাইজবাড়ি, আলীপাড়া, মোহাম্মদপুর, হাছননগর, সুলতানপুর বনানীপাড়া, এলাকার লোকজনসহ হাজার হাজার সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিটুমিন কার্পেটিং উঠে ইট-সুরকি বের হয়ে গেছে। সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। অনেক জায়গা দেবে গিয়ে বৃষ্টির পানি জমে থাকে। ফলে অটো রিকশা, সিএনজি, ল্যাগুনাসহ সাধারণ মানুষের চলাচলে ঝুঁকি বাড়ছে।
মনসাদ মিয়া বলেন, সড়কের এমন অবস্থা হয়েছে মেনে নিতে কষ্ট হয়। এই সড়ক নিয়ে অশান্তির শেষ নেই। চলাচলে বিড়ম্বনায় পড়তে হয়। সংস্কার কাজ যত তাড়াতাড়ি হবে ততই জনগণের দুর্ভোগ কমবে।
ফারুক হোসেন বলেন, এই সড়ক দিয়ে আসা যাওয়া করতে অনেক বেশী সমস্যা হয়। বৃষ্টির পানি জমে থাকে গর্তে, সড়ক ভেঙে লাল লাল ভাঙা ভাঙা ইট বেড়িয়ে আছে। কোন ধরনের যানবাহন আসতে চায় না এই সড়ক দিয়ে। বেশী দরকারে যানবাহন নিয়ে আসা গেলেও অতিরিক্ত ভাড়া দিতে হয়। পৌরসভা কর্তৃপক্ষের কাছে অনুরোধ আলীপাড়া সড়কের কাছ দ্রুত চালু হোক।
অটো রিকশা চালক করিম রহমান বলেন, আলীপাড়ার এই সড়ক দিয়ে প্রায় সময় কলেজ শিক্ষার্থীদের নিয়ে আসতাম। করোনার জন্য স্কুল-কলেজ বন্ধ রয়েছে। তবে সদর হাসপাতলে রোগী নিয়ে যেতে হয় প্রায় সময়। এই সড়ক দিয়ে রোগীকে নিয়ে গেলে রোগীর আরো অবস্থা খারাপ হয়ে যায়। সাথে সাথে গাড়ীর অবস্থাও খারাপ হয়।
১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. কাওছার বলেন, শীঘ্রই সড়ক সংস্কার কাজ করা হবে। আমি জনসাধারণকে ধৈর্য্য ধরার অনুরোধ করছি।