আলীপাড়ায় শিক্ষকের উপর হামলাকারী পিতা-পুত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকার ভাড়াটিয়া সদর উপজেলার তেলিকোনা মন্নরপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বশির আহমেদ (৫৫) উপর হামলাকারী মুহাম্মদপুর এলাকার লুৎফুর রহমান (৪৮) ও তার ছেলে সোহাগ মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে লুৎফুর রহমান ও তার ছেলে সোহাগ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে   পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুনমাগঞ্জ সদর থানার এসআই রিপন চন্দ্র গোপ বলেন,‘লুৎফুর রহমান ও তার ছেলে সোহাগ মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত দুইজনকেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, কথা কাটাকাটির জের ধরে গত ২৩ জুলাই শনিবার রাতে বশির আহমেদকে মুহাম্মদপুর পয়েন্ট থেকে আলীপাড়া পয়েন্টে ডেকে এনে লুৎফুর রহমান ও তার ছেলে সোহাগ মিয়া মারধর করে। এ ঘটনায় পর দিন আহত বশির আহমেদের শ্যালক মোহাম্মদপুরের আনোয়ার হোসেন বাদী হয়ে হামলাকারী লুৎফুর রহমান ও তার ছেলে সোহাগ মিয়ার বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।