আলেম-উলামাদের যুক্ত করে ঘটনার তদন্ত দাবি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ ফজলুল করিম চরমোনাই পীরের নির্দেশে একটি প্রতিনিধিদল শাল্লা উপজেলার নোঁয়াগাওয়ে হেফাজত অনুসারীদের হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব রয়েছেন সংগঠনের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। তার সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সিলেট ও সুনামগঞ্জের নেতৃবৃন্দও রয়েছেন। তারা এই ঘটনায় নিন্দা জানিয়ে আলেম উলামাদের যুক্ত করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
সোমবার দুপুর ১২ টায় দলটি নোয়াগাঁও গ্রামে যায়। সেখানে তারা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। তাঁরা এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। এসময় গ্রামবাসী তাদের জানিয়েছেন ১৭ মার্চ সকালে হেফাজত অনুসারীরা তাদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে। তারা হামলার সময় ‘হেফাজতের একশন, মামনুলের একশন’ বলে স্লোগান দিয়ে হামলা করেছে বলে তাদের জানিয়েছেন।
এসময় প্রতিনিধি দলের নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা এঘটনায় তীব্র নিন্দা জানাই। ইসলাম অন্য ধর্মাবলম্বিদের উপর এমন হামলা পছন্দ করে না। তিনি বলেন, এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি প্রয়োজন। যেখানে আলেম উলামাকেও যুক্ত করতে হবে। তাহলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।