আলোচনায় নেই লন্ডন প্রবাসী দুই প্রার্থী

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীরা হয় প্রার্থী হন, না হয় প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নির্বাচন এলেই দলবেধে দেশে আসেন প্রবাসীরা। কেউ প্রার্থী, আবার কেউবা সমর্থক হয়ে জোরে- শোরে প্রচারণায় নামেন। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনেও এর ব্যতয় ঘটেনি। ৪ চেয়ারম্যান প্রার্থীর দুজনেই যুক্তরাজ্য প্রবাসী। অবশ্য জেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রপাকা-ায় যুক্তরাজ্য প্রবাসী দুই প্রার্থীই সুবিধা করতে পারেননি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মূল আলোচনায়ও ওঠে আসেননি এঁরা। প্রবাসী সমর্থক যারা যুক্তরাজ্য থেকে নির্বাচনী প্রচারণার জন্য দেশে এসেছেন, এঁরাও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের পক্ষেই রয়েছেন। অবশ্য প্রবাসী দুই প্রার্থীই দাবি করেছেন, ‘ভোটাররা তাদের পক্ষেই থাকবেন’।
প্রবাসী চেয়ারম্যান প্রার্থী চঞ্চলা দাস হলফনামায় বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করেছেন গ্রাম- লৌলারচর, ডাকঘর-ব্রজেন্দ্রগঞ্জ, উপজেলা দিরাই, সুনামগঞ্জ। বাস্তবে যুক্তরাজ্যের মেইডেনহেড শহরে স্থায়ীভাবে বসবাস করেন চঞ্চলা। ওখানে স্বামী-শ্রীপদ দাস এবং চঞ্চলা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। মেইডেনহেডে সাফরন, গান্ধী রেস্টুরেন্ট এবং মাদার তেরেসা হল পরিচালনা করেন শ্রীপদ-চঞ্চলা।
অপর যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী। তিনি জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র চাচাতো ভাই। তবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তিনি। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা হলফনামায় দেখিয়েছেন গ্রাম কুলঞ্জ, ডাকঘর-কাদিরগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ। চেয়ারম্যান প্রার্থী আহবাব হোসেন চৌধুরী ৪১ বছর ধরেই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন।
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবার জন্য আহবাব হোসেন চৌধুরী ও চঞ্চলা দাস দেশে এসেছেন।
চঞ্চলা আওয়ামী লীগের দলীয়        সমর্থন পাবার জন্য আবেদন করলেও পাননি তিনি। তবুও হাল ছাড়েননি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রতীক বরাদ্দের দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সঙ্গে লটারীতে তিনি আনারস প্রতীক পেয়েছেন। মনোনয়ন দাখিলের পর থেকে নির্বাচনী প্রচারণায় থাকলেও খুব একটা সাড়া ফেলতে পারেননি চঞ্চলা। উল্লেখ করার মতো কোন জনপ্রতিনিধি কিংবা প্রবাসীকেও তার সঙ্গে প্রচারণায় দেখা যাচ্ছে না।
মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরীও একই অবস্থা। অনেক ইউনিয়নের জনপ্রতিনিধিরা এখনো তাঁকে দেখেইনি।
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ইউপি সদস্য এওয়ার হোসেন বললেন,‘আহবাব হোসেন চৌধুরী’র বাড়ি দিরাই উপজেলায়, কিন্তু চেয়ারম্যান পদে প্রার্থী হবার পর আমাদের সঙ্গে এখনো দেখাই হয়নি তাঁর। একই মন্তব্য করলেন এই ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম।
জেলার প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরে ৭ চেয়ারম্যানের মধ্যে ৬ জনই যুক্তরাজ্য প্রবাসী। এই ৬ চেয়ারম্যানের ৫ জনই দেশে আছেন এবং প্রকাশ্যে নিজ নিজ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায়ও রয়েছেন। তবে কেউই যুক্তরাজ্য প্রবাসী এই দুই প্রার্থীর পক্ষে নেই।
এরা সকলেই হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কিংবা নুরুল হুদা মুকুটের পক্ষে প্রকাশ্য প্রচারণায় রয়েছেন ।
কেউ-ই আহবাব হোসেন চৌধুরী বা চঞ্চলা দাসের পক্ষে নেই।
সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নিজ নিজ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে অনেক রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দও দেশে এসেছেন। এরাও প্রচারণায় রয়েছেন ব্যারিস্টার ইমন ও নুরুল হুদা মুকুটের পক্ষেই।
জগন্নাথপুরে যুক্তরাজ্যের মিডল্যা- আওয়ামী লীগের সভাপতি আকমল খান ও লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি শফিক আহমদের নেতৃত্বে নিজেদের প্রার্থীর সমর্থনে প্রবাসীরা প্রচারণায় রয়েছেন।
প্রবাসী শফিক আহমদ বলেন,‘যুক্তরাজ্য প্রবাসী দুই প্রার্থীই শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার পরিবেশ তৈরি করতে পারেননি। এজন্য প্রবাসীরাও তাদের পক্ষে নামেনি।’
চেয়ারম্যান প্রার্থী চঞ্চলা দাস অবশ্য নিজের জয়ের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন,‘৮৩ ইউনিয়নে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। জনপ্রতিনিধিরা বলেছেন, আমরা মহিলা চেয়ারম্যানই চাই, তারা আমার আনারস প্রতীকেই ভোট দেবেন বলে আশ্বাস দিয়েছেন’।
অপর যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী আহবাব হোসেন চৌধুরী বলেন,‘আমি সোমবার আমার নিজের ইউনিয়নে সভা করেছি। মঙ্গলবার করবো করিমপুর ইউনিয়নে। এভাবে দিরাইয়ের সকল ইউনিয়ন শেষ করে অন্য উপজেলায় যাব’।