আশিক আলী হত্যা মামলার আসামী চট্টগ্রাম ও কুমিল্লা থেকে গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে আলোচিত আশিক আলী হত্যা মামলার প্রধান আসামী মনছব আলী সহ ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম ও কুমিলা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মৃত আবাছ আলীর পুত্র মনছব আলী (৫২) ও মশ্রব আলী (৩০) এবং মৃত হারিছ আলীর পুত্র মানিক মিয়া (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার সহ পুলিশের একটি টিম চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্ট্গ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকা এবং কুমিল্লা জেলার দক্ষিণ মডেল থানার চৌয়ারা বাজার থেকে তাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য, ২০ নভেম্বর বিকেলে নৌকার চাবী নিয়ে বানায়ত গ্রামের আশিক আলীর ভাতিজা জাকির হোসেনের সাথে মনছব আলীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে সালিশে নিস্পত্তি চেষ্টা করা হয়। ওইদিন বিকেলে আশিক আলীর উঠানে সালিশ-বৈঠক চলাকালে এক সময় উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মনছব আলী সহ তার পক্ষের লোকজন রাম-দা দিয়ে উপর্যুপরি আঘাত করে আশিক আলীকে। এতে গুরুতর আহত আশিক আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত’্য ঘটে। এ ঘটনায় আশিক আলীর ছোট ভাই বশির আলী বাদী হয়ে মনছব আলীকে প্রধান আসামী করে ২৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।