স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজার এলাকায় হরিনাপার্টী গ্রামে মুজিববর্ষের উপহার আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপকারভোগী ১৫টি পরিবারের মধ্যে এই খাবার বিতরণ করেন।
খাবার বিতরণকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা শাহাদাৎ বরণ করেন। এ উপলক্ষে সারা জেলায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের রূহের মাগফেরাত কামনায় সকল মসজিদে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। সকালে শোক দিবসের আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, শিশুদের হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সদর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন সেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন উপস্থিত ছিলেন।


